রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত পঞ্চম শ্রেণির সিয়াম

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৯, ২০২৬, ১২:৪৬ এএম

ভয়াবহ ক্যান্সারে আক্রান্ত পঞ্চম শ্রেণির সিয়াম

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বিছানায় দিন কাটাচ্ছে মো. সিয়াম নামের বারো বছর বয়সী এক শিশু। সে দিনাজপুর নাভারা উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। বর্তমানে নিজ বাসায় চিকিৎসাধীন থাকলেও অর্থাভাবে তার উন্নত চিকিৎসা প্রায় বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। দরিদ্র পরিবারের পক্ষে প্রতিমাসের ৬০ হাজার টাকার ব্যয়বহুল চিকিৎসা খরচ জোগাড় করা অসম্ভব হয়ে পড়ায় চরম অনিশ্চয়তার মুখে পড়েছে এই সম্ভাবনাময় শিশুর জীবন।

পরিবারের আয়ের কোনো নির্দিষ্ট পথ না থাকায় প্রিয় সন্তানের জীবন বাঁচাতে দেশবাসীর কাছে আকুল আবেদন জানিয়েছেন অসহায় বাবা-মা।পরিবার সূত্রে জানা যায়, ২০২৫ সালের মার্চ মাসে হঠাৎ করেই সিয়ামের শরীরে শারীরিক অসুস্থতা দেখা দেয়। পরবর্তীতে বিভিন্ন হাসপাতালে একাধিক পরীক্ষা-নিরীক্ষা করার পর তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। সিয়ামের বাবা শাহিন আলম পেশায় একজন দিনমজুর। 

গত এক বছর ধরে ধারদেনা করে এবং নিজেদের শেষ সম্বল বিক্রি করে বিভিন্নভাবে চিকিৎসা চালিয়ে গেলেও বর্তমানে প্রতিদিনের প্রয়োজনীয় খরচ বহন করা তাদের পক্ষে সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়েছে। অর্থের অভাবে উন্নত চিকিৎসা বাধাগ্রস্ত হওয়ায় শিশুটির শারীরিক অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে।

কান্নাজড়িত কণ্ঠে সিয়ামের বাবা শাহিন আলম জানান যে, একজন পিতা হয়েও নিজ সন্তানের সুচিকিৎসা করাতে না পারার যন্ত্রণা সহ্য করার মতো নয়। সমাজের হৃদয়বান ব্যক্তি, বিত্তবান মানুষ এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে হয়তো শিশু সিয়াম নতুন জীবন ফিরে পেতে পারে। সামান্য সহায়তাও এই অসহায় পরিবারটির জন্য অনেক বড় ভরসা হয়ে উঠতে পারে বলে আকুতি জানান তিনি।

চিকিৎসার জন্য সায়াহ্নে পৌঁছে যাওয়া শিশুটির পাশে দাঁড়ানোর জন্য সমাজের সকল স্তরের মানুষের প্রতি জোর আহ্বান জানানো হয়েছে।সহায়তা পাঠানোর মাধ্যম ও যোগাযোগের ঠিকানা: যারা সিয়ামের চিকিৎসায় সহায়তা করতে চান, তারা সরাসরি নিচের মাধ্যমে যোগাযোগ করতে বা আর্থিক সহায়তা পাঠাতে পারেন: বিকাশ (ব্যক্তিগত): ০১৮৬৯৫৮৮৬০৮, নগদ (ব্যক্তিগত): ০১৭৭৩৬৪৬৩৮৮, ব্যাংক হিসাব নম্বর: ০১০‍‍০২৪৪৬৫১৩৪২, নাম: মো. শাহিন আলম, ব্যাংক ও শাখা: জনতা ব্যাংক লিমিটেড, দশ মাইল মোড় শাখা, দিনাজপুর।