জুলাই ৩০, ২০২৬, ০৪:২৯ পিএম
দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন এবং পৌর সেবাকে আরও জনবান্ধব করে তোলার লক্ষ্যে ‘নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়’ শীর্ষক এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।পৌরবাসীদের উপস্থিতিতে বিভিন্ন সমস্যা উঠে আসে।সমাবেশে নাগরিকরা দেড়শ বছরেরও বেশি পুরনো বা ১৫৮ বছরের প্রাচীন এই পৌরসভার রাস্তাঘাট সংস্কারের কাজ দ্রুত সম্পন্ন করা, যানজট নিরসন, ইভটিজিং নিয়ন্ত্রণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শব্দদূষণ রোধ এবং সময়মতো ময়লা-আবর্জনা পরিষ্কার করার জোরালো দাবি জানান।
প্রথমবার এ ধরনের আয়োজন করার জন্য পৌর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে নাগরিকরা প্রতিবছর অন্তত একবার এই সমাবেশের আয়োজন করার পরামর্শ দেন। পাশাপাশি একটি পরিচ্ছন্ন ও সবুজ বা ক্লিন অ্যান্ড গ্রিন পৌরসভা গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।পৌরসভার প্রশাসক ও ডিডিএলজি শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্যে শুরু হওয়া সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. গোলাম রসুল রাখি, অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলম, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোজাফ্ফর হোসেন দুলাল, দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান, গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তমালিকা পাল, জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক মো. মুকেশ আলী মঙ্গলিয়া, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক, শহর জামায়াতের আমির মো. সিরাজুল সালেহীন এবং এনসিপি জেলা কমিটির সভাপতি শামসুল মোক্তাদির।
এছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সাবেক কাউন্সিলর, সাংবাদিক, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা সমাবেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ নাগরিকরা উপস্থিত ছিলেন। পৌরবাসীর সমস্যা সমাধানে প্রশাসন থেকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন