বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

মো: মামুনুর রশিদ

আগস্ট ১, ২০২৬, ০১:৩০ পিএম

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে জামায়াতের গণমিছিল

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

জুলাই সনদ ও গণভোটের রায় অবিলম্বে বাস্তবায়নের জোরালো দাবি জানিয়ে দিনাজপুরে এক বিশাল গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জামায়াতে ইসলামী বাংলাদেশ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে স্থানীয় ইনস্টিটিউট মাঠে এই রাজনৈতিক কর্মসূচি পালিত হয়। দেশের বিভিন্ন স্থান থেকে আসা বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ এই সমাবেশে অংশ নেন।

শহরের প্রাণকেন্দ্রে শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালিত হয়েছে।

জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সাবেক আমীর আফতাব উদ্দীন মোল্লা। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি ডক্টর এনামুল হক, সহকারি সেক্রেটারি রাজিবুর রহমান পলাশ ও মাওলানা সাইদুল ইসলাম সৈকত। এ সময় স্থানীয় নেতৃবৃন্দ ও আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন আসনের সম্ভাব্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় তহবিল থেকে অর্থ পাচার রোধ করা সম্ভব হবে, যা দেশের অর্থনীতির জন্য অত্যন্ত জরুরি। কিন্তু বর্তমান সরকার এই সনদ বাস্তবায়নে কালক্ষেপণ করছে বলে তারা অভিযোগ করেন। দেশের সত্তর শতাংশ মানুষ গণভোটে যে রায় দিয়েছে, তার প্রতি পূর্ণ সম্মান প্রদর্শনের আহ্বান জানান নেতারা।সমাবেশ শেষে দিনাজপুর ইনস্টিটিউট মাঠ থেকে একটি বিশাল গণমিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পুনরায় একই স্থানে এসে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।