আগস্ট ১, ২০২৬, ০৮:১০ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ছয় নম্বর নিজপাড়া ইউনিয়নের বাঘডাঙ্গা স্কুল মাঠে দুই দিনব্যাপী আট দলীয় ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। শনিবার টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলাকার ক্রীড়াপ্রেমী মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।দিনাজপুর জেলা বিএনপির উপদেষ্টা মো. রেজওয়ানুল ইসলাম রিজু অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
নিজপাড়া তারুণ্যের আলো ক্লাবের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই প্রতিযোগিতায় মোট আটটি দল অংশ নেয়। শত শত দর্শকের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো মাঠজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ছয় নম্বর নিজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিসুর রহমান আনিস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শওকত জুলিয়াস জুয়েল, স্থানীয় জনপ্রতিনিধি পদপ্রার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অতিথিরা তাদের বক্তব্যে বলেন, সুস্থ বিনোদন ও খেলাধুলার চর্চা যুবসমাজকে মাদক ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণদের এমন উদ্যোগ সামাজিক সম্প্রীতি আরও সুদৃঢ় করবে বলে আশা প্রকাশ করেন তারা।খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে অতিথিরা আকর্ষণীয় পুরস্কার তুলে দেন। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন আয়োজকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন