শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ৬, ২০২৬, ০৭:০৭ পিএম

বোচাগঞ্জে শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

সবুজ হোক পৃথিবী, সুন্দর হোক ভবিষ্যৎ — এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বোচাগঞ্জে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংগঠন পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বোচাগঞ্জ বা পুসাব। বৃহস্পতিবার সকালে বোচাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। 

পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে শিক্ষার্থীদের এই উদ্যোগ স্থানীয় মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার মো. মারুফ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করে এই কর্মসূচির শুভ সূচনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের পর সংগঠনের পক্ষ থেকে সেতাবগঞ্জ সরকারি কলেজ, সেতাবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ এবং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান চত্বরে নানা প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষা ও তরুণ প্রজন্মকে গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

এ সময় পুসাবের অ্যালামনাই মো. হাসিবুল ইসলাম শান্ত, সহসভাপতি মো. রোজাইন রহমান, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মো. শাহরিয়ার কবির এবং আইসিটি ও প্রচার বিষয়ক সম্পাদক মো. জাকিরুল ইসলাম জনিসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।