আগস্ট ৮, ২০২৬, ০৩:৩৫ পিএম
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিতকরণ এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে গ্রামীণ অঞ্চলে একটি স্বনির্ভর সমাজ গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে দশজন যুবনারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা এডিপির উদ্যোগে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও পারিবারিক আয় বৃদ্ধি কর্মসূচির আওতায় এই সহায়তা প্রদান করা হয়। মাসব্যাপী নিবিড় প্রশিক্ষণ শেষে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দিনাজপুর সদর উপজেলার ঈদগাহ আবাসিক এলাকায় অবস্থিত এডিপি কার্যালয় প্রাঙ্গণে এই বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত যুবনারীদের হাতে সেলাই মেশিন তুলে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল। তিনি তার বক্তব্যে উল্লেখ করেন যে এ ধরনের উদ্যোগ নারীদের অর্থনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি সমাজে তাদের ক্ষমতায়নকে সুদৃঢ় করবে।
দর্জি কাজের এই বাস্তবভিত্তিক প্রশিক্ষণ গ্রামীণ পরিবারগুলোর আর্থিক সচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।এর আগে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর এরিয়া ডেভেলপমেন্ট কোর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাষ্টিয়ান পিউরিফিকেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য প্রদানকালে প্রোগ্রাম অফিসার আসন্তা মারান্ডী প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার উজ্জ্বল রেমা পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
প্রশিক্ষণ গ্রহণকারী নারীরা তাদের প্রতিক্রিয়ায় জানান যে এই সহায়তা তাদের নিজস্ব উপার্জনের পথ সুগম করবে এবং পরিবারের উন্নয়নে সহায়ক হবে।দক্ষতা বৃদ্ধি ও আত্মকর্মসংস্থানের এই ধরনের কল্যাণমুখী কার্যক্রম ভবিষ্যতে আরও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সংস্থা জানিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন