রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মোঃ আরিফ ইসলাম

আগস্ট ৮, ২০২৬, ০৪:৫৪ পিএম

বীরগঞ্জে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

“আদিবাসী ধাত্রীদের সম্মান জীবন সুস্থতা সুরক্ষায় তাদের অবদান” প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় যথাযথ উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। এই উপলক্ষে স্থানীয় একটি বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আলোচনা সভা, ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগিতা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

নানা শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থলটি এক মিলনমেলায় পরিণত হয়।উপজেলার ভোগনগর ইউনিয়নের চাউলিয়া মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মসূচি সম্পন্ন হয়।উপজেলা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির আয়োজনে এবং বিভিন্ন স্থানীয় ও জাতীয় সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক জোসেফ হেমরম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুন। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ও বীরগঞ্জ সার্কেলের শাওন কুমার সরকার, অ্যাডভোকেট রিচার্জ মুর্মু, নরেশ মুর্মু, সঞ্জিত কিসপট্রা, কারিতাসের আঞ্চলিক পরিচালক রবি মার্ডী এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান রাজিউর রহমান রাজু।আলোচনা সভায় বক্তারা বলেন যে দেশের আদিবাসীদের নিজস্ব সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা এবং জীবনধারা সুরক্ষা করা সমাজের প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। 

শিক্ষা ব্যবস্থার প্রসারসহ তাদের সামগ্রিক জীবনমানের উন্নয়নে সংশ্লিষ্ট সকলকে সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান তারা। পরে আমন্ত্রিত অতিথিরা আদিবাসীদের ঐতিহ্যবাহী নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং ঐতিহ্যবাহী তীর-ধনুক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ নৃত্য ও সংগীত পরিবেশনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং দিনব্যাপী এই আয়োজনটি স্থানীয় জনগণের মাঝে এক ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ তৈরি করে।