রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

মো: মামুনুর রশিদ

আগস্ট ৯, ২০২৬, ০২:২৩ পিএম

দিনাজপুরে নানা আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উত্তরের জেলা দিনাজপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপিত হয়েছে। বাংলাদেশ আদিবাসী পার্টি জেলা শাখার উদ্যোগে এবং কেন্দ্রীয় কমিটির সহযোগিতায় স্থানীয় বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনটি পালিত হয়। এ বছর দিবসটির নির্ধারিত প্রতিপাদ্য ছিল আদিবাসী ধাত্রীদের সম্মান, জীবন ও সুস্থতা সুরক্ষায় তাদের অনন্য অবদান।শনিবার সকালে দিনাজপুর প্রেসক্লাব প্রাঙ্গণ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাসিল স্বপন কিসকু। জেলা শাখার সহ-সভাপতি আরতি হাঁসদার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএএস সুপারিনটেনডেন্ট বিকাশ হাঁসদা এবং জেলা সাধারণ সম্পাদক জের্ভাস মারান্ডীসহ বিভিন্ন উপজেলা থেকে আগত বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বক্তারা তাদের বক্তব্যে আদিবাসী জনগোষ্ঠীর দীর্ঘদিনের ঐতিহ্য, সংস্কৃতি এবং জীবনধারা সংরক্ষণের ওপর বিশেষ জোর দেন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে মাতৃস্বাস্থ্য রক্ষায় এবং নিরাপদ প্রসবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসা আদিবাসী ধাত্রীদের যথাযথ সামাজিক সম্মান ও স্বীকৃতি প্রদানের দাবি জানান তারা। দিনব্যাপী এই আয়োজনে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি সংশ্লিষ্ট বিভিন্ন দাবি সংবলিত স্মারকলিপি প্রদানের কর্মসূচিও অন্তর্ভুক্ত ছিল।স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।