আগস্ট ২১, ২০২৬, ০৮:৫০ পিএম
সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও চোরাচালান প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ নিয়মিত গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা মূল্যবান অবৈধ সাপের বিষ উদ্ধার করেছে দিনাজপুর ব্যাটালিয়ন বা বায়ান্ন বিজিবি। গত তেরো আগস্ট দুপুরের দিকে দিনাজপুর ব্যাটালিয়ন বায়ান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে বিজিবি দিনাজপুর ক্যাম্প, র্যাব তেরো এর একটি দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানিক দল দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে।
এ সময় চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিনটি কাচের জারে সর্বমোট আনুমানিক পাঁচ কেজি সাতশো গ্রাম ওজনের বিক্রয় নিষিদ্ধ সাপের বিষ, একটি প্রাইভেট কার, দুটি মোটরসাইকেল, চারটি মোবাইল ফোন ও ছয়টি সিমকার্ড উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন চিরিরবন্দরের দামুর এলাকার মোখলেছুর হকের ছেলে মো. জাহাঙ্গীর আলম, দিনাজপুর সদর উপজেলার ছোট গুড়গোলার মৃত এ কে এম শহিদুল ইসলামের ছেলে মো. সালাউদ্দিন সান্জু, ফুলবাড়ী উপজেলার খেতদিঘীর মৃত আব্দুল মজিদের ছেলে মো. আনিছুর রহমান এবং বিরামপুরের কুন্দনহাটের মৃত মোবারকের ছেলে উজ্জল আলী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তিরা একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য। তারা ইতোপূর্বে বিভিন্ন সময়ে পার্শ্ববর্তী দেশে সাপের বিষ পাচার করেছে। উদ্ধারকৃত বিষও পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। উদ্ধারকৃত সাপের বিষ, প্রাইভেট কার, মোটরসাইকেল ও অন্যান্য মালামালের সর্বমোট সিজার মূল্য আটত্রিশ কোটি সাতান্ন লক্ষ তিন হাজার আটশত টাকা এবং আটক ব্যক্তিদের গত তেরো আগস্ট উদ্ধারকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়।
পরবর্তীতে আদালতের নির্দেশনা অনুযায়ী গত উনিশ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে নমুনাটির রাসায়নিক পরীক্ষা করা হয়। পরীক্ষায় নমুনাটি সাপের বিষ হিসেবে শনাক্ত হয়। দিনাজপুর ব্যাটালিয়ন বায়ান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, অতি মূল্যবান সম্পদ ও বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ দ্রব্যের পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি মাদক, মানবপাচার, অস্ত্র ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি দৃঢ় প্রতিজ্ঞ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন