সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬,

ঘুঘুডাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করলেন এ্যাড. মোফাজ্জল হোসেন

মো: মামুনুর রশিদ

আগস্ট ২৯, ২০২৬, ০১:৩৯ পিএম

ঘুঘুডাঙ্গায় ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করলেন এ্যাড. মোফাজ্জল হোসেন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুর সদর উপজেলার ঘুঘুডাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে ঘুঘুডাঙ্গা পল্লী মঙ্গল সমিতির আয়োজনে এবং গাওসুল আযম বিএনএসবিআই হাসপাতাল ও বিভিন্ন সহযোগিতায় বিনামূল্যে চোখের পরীক্ষা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মঈনউদ্দীন আহম্মেদ চৌধুরী স্মৃতির উদ্দেশ্যে আয়োজিত এই চক্ষু ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আলহাজ্ব মো. আলি জিন্নাহ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গুলজার হোসেন, সমাজসেবক আলহাজ্ব আজগার উদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক ব্যবস্থাপক ফারুক আহমেদ চৌধুরী এবং ঘুঘুডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি ও ডায়াবেটিক চিকিৎসক আলহাজ্ব ডা. চৌধুরী মোসাদ্দেকুল ইজদানি। 

প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মোফাজ্জল হোসেন দুলাল বলেন, চোখ মানুষের শরীরের একটি অমূল্য সম্পদ এবং এর নিয়মিত পরিচর্যা ও পরীক্ষা করা অত্যন্ত জরুরি। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরিফ বলেন, প্রতিটি মানুষের উচিত নিয়মিত চোখ পরীক্ষা করা, কারণ যার দৃষ্টিশক্তি নেই তার কাছে সুন্দর পৃথিবী অন্ধকার।

আলোচনা সভা শেষে কমপ্রিহেনসিভ ক্যাটারাক্ট সার্ভিসেস প্রজেক্টের আওতায় এবং পিকেএসএফ ও অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় পরিচালিত এই চিকিৎসা ক্যাম্পের কার্যক্রমে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। দিনব্যাপী এই ক্যাম্পে শত শত অসহায় ও সাধারণ মানুষ বিনামূল্যে চোখের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসা সেবা গ্রহণ করেন।