আগস্ট ২৯, ২০২৬, ০১:৫২ পিএম
‘মাদক নয়, খেলাধুলার সঙ্গে থাকুন’ এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মুন্সিপাড়া হেমায়েত আলী হল মঞ্চে বাংলাদেশ টেবিল টেনিস প্লেয়ারস সোসাইটির সম্পৃক্ততায় এবং সচেতন সংঘ মুন্সীপাড়ার ব্যবস্থাপনায় এই আয়োজন করা হয়। শনিবার স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন দিনাজপুর সদর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।
হলিল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের পরিচালক সৈয়দ সাগীর আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ও বিশেষ অতিথিরা বক্তব্য রাখেন।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন এনায়েত হোসেন মারুফ এবং স্বাগত বক্তব্য রাখেন সচেতন সংঘের সাধারণ সম্পাদক খন্দকার জাকির আলী। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এএম মাকসুদ আহমেদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ সাইদুল হক সাদী, জেলা বিএনপির সহ-সভাপতি মোকাররম হোসেন এবং দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলা এবং যুবসমাজকে মাঠে ধরে রাখার কোনো বিকল্প নেই।বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুস্থ রাখে এবং মোবাইল বা মাদকের ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করে।
মাসব্যাপী এই প্রশিক্ষণ শিবির থেকে তরুণরা দক্ষ খেলোয়াড় হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে অংশগ্রহণকারী তরুণ খেলোয়াড় ও আয়োজকদের মাঝে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা যায়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন