আগস্ট ৩০, ২০২৬, ০৯:২৬ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৬ নম্বর নিজপাড়া ইউনিয়নে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বীরগঞ্জ উপজেলা শাখার নিজপাড়া ইউনিয়ন শাখার উদ্যোগে রবিবার (৩০ আগস্ট) বাদ মাগরিব দোমুখা বাজার ঈদ মাঠসংলগ্ন স্থানে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন স্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
নিজপাড়া ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা সভাপতি ও সাবেক ছাত্রনেতা মো. জাকিরুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা আমির ক্বারী মো. আজিজুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন বীরগঞ্জ উপজেলা সেক্রেটারি মো. আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মো. সামাউন কবীর, নিজপাড়া ইউনিয়ন আমির মো. আবু বক্কর এবং নিজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী ডা. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. ওয়াসিম ইসলাম।
আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ ও সুমহান চরিত্র অনুসরণের মাধ্যমে ব্যক্তি, পরিবার এবং সমাজকে ইসলামের আলোয় গড়ে তোলার আহ্বান জানান। তারা বলেন, প্রবীণ ও নবীন প্রজন্মকে নবীজির আদর্শে উজ্জীবিত করতে এ ধরনের ধর্মীয় আলোচনার গুরুত্ব অপরিসীম। পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন