সেপ্টেম্বর ১, ২০২৬, ০৭:২৯ পিএম
র্যালি, আলোচনা সভা, বৃক্ষরোপণ এবং পোনামাছ অবমুক্তকরণের মধ্য দিয়ে দিনাজপুরের বিরলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা শহীদ মিনার চত্বরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই কর্মসূচির শুভ সূচনা করা হয়। দিনটি উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। পৌর বিএনপির দপ্তর সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রনেতা আসাদুল হক হীরা এবং সাধারণ সম্পাদক নূর জামাল হোসেন সোনাহার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সভার শুরুতে স্থানীয় নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথির নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে।
এর আগে বিরল নয়ামেলা থেকে দুলহরী গ্রামগামী সড়কের উভয় পাশে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি দুলহরী গ্রামের পুকুর ও নোনা নদীর উন্মুক্ত স্থানে পোনামাছ অবমুক্ত করেন প্রধান অতিথি ও আমন্ত্রিত নেতৃবৃন্দ। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকদের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন