বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে ভূগর্ভস্থ পানিস্তর মানচিত্র প্রণয়নে গ্রামীণ মূল্যায়ন সভা

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৫, ২০২৬, ০২:১৪ পিএম

দিনাজপুরে ভূগর্ভস্থ পানিস্তর মানচিত্র প্রণয়নে গ্রামীণ মূল্যায়ন সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ভূগর্ভস্থ পানিস্তরের মানচিত্র প্রণয়ন এবং পানি সংকট এলাকা মূল্যায়ন সমীক্ষার লক্ষ্যে দিনাজপুরে একটি অংশগ্রহণমূলক গ্রামীণ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী সদর উপজেলা পরিষদ হল রুমে পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়ারপো) বাস্তবায়নে এবং সেন্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস (সিইজিআইএস)-এর সহযোগিতায় এই সভা অনুষ্ঠিত হয়। 

স্থানীয় কৃষক, পানি সেবা গ্রহীতা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি অত্যন্ত ফলপ্রসূ হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন শরিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার পরিচালক ও উপসচিব নুর আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পানি সম্পদ পরিকল্পনা সংস্থার মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন ও সহকারী প্রকল্প পরিচালক মো. সাইদুর রহমান খান। সিইজিআইএস-এর প্রজেক্ট লিডার মো. শাকিল আহমেদের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরা হয়। বক্তারা জানান যে টেকসই পানি সম্পদ ব্যবস্থাপনায় দ্রুত পানির প্রাপ্যতা হ্রাস, পানির গুণগত মানের অবনতি এবং গৃহস্থালি ও সেচ খাতে চাহিদা বৃদ্ধি এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

শুকনো মৌসুমে অতিরিক্ত ভূগর্ভস্থ পানি উত্তোলন এবং অপরিকল্পিত নগরায়ণের ফলে পানির পুনর্ভরণ সক্ষমতা হ্রাস পাচ্ছে। প্রকল্পের মূল লক্ষ্য হলো ভূগর্ভস্থ পানি সম্পদের বর্তমান প্রাপ্যতা, ব্যবহার এবং গুণগত মান বিশ্লেষণ করে একটি টেকসই তথ্যভাণ্ডার গড়ে তোলা। সভায় সিইজিআইএস-এর ডেটা অ্যানালিস্ট পারভেজ শাওন সাইফসহ অন্যান্য গবেষক ও স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।