বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

দিনাজপুরে নাট্যজন শাহজাহান শাহর স্মরণসভা অনুষ্ঠিত

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ৬, ২০২৬, ০৪:৪৯ পিএম

দিনাজপুরে নাট্যজন শাহজাহান শাহর স্মরণসভা অনুষ্ঠিত

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন নবরূপীর সাবেক সাধারণ সম্পাদক, বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনেতা শাহজাহান শাহর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার শহরের নবরূপী গৃহে এই আলোচনা ও স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আব্দুস সামাদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান নিউ।

আলোচকরা নাট্যকারের কর্মময় জীবনের নানা দিক গভীরভাবে স্মরণ করেন। স্মৃতিচারণ পর্বে অংশ নিয়ে নবরূপীর সহ-সভাপতি মোহাম্মদ নাজমুল হক, নাট্য সম্পাদক শামীম রাজা ও সহ-সাধারণ সম্পাদক রওনক আরা হক নিপা প্রয়াত নাট্যজনের অবদান তুলে ধরেন। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন বেসরকারি সংস্থা সিডিএ-এর নির্বাহী পরিচালক শাহ-ই-মবিন জিন্নাহ, জেলা ভেটেরিনারি কর্মকর্তা ড. আশিকা আকবর তৃষা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু। 

আলোচনায় আরও অংশ নেন নাট্য পরিচালক সম্বিত সাহা সেতু, নাট্য সমিতির সহ-সভাপতি মোঃ সহিদুল ইসলাম শহিদুল্লাহ, কবি মাসুদ মুস্তাফিজ ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সহ-সভাপতি তারেককুজ্জামান তারেক। নবরূপীর সহ-সভাপতি মানস ভট্টাচার্যের সঞ্চালনায় অনুষ্ঠানটিতে সংগীত পরিবেশন করেন নজরুল ইসলাম, নুরুল মতিন সৈকত ও শিউলি।

বক্তারা বলেন যে শাহজাহান শাহ কেবল নাটক রচয়িতা ছিলেন না, তিনি ছিলেন আঞ্চলিক সংস্কৃতির অন্যতম ধারক ও নতুন শিল্পী তৈরির কারিগর। তিনি নিজের সৃষ্ট নাটকের সংলাপে দিনাজপুরের স্থানীয় আঞ্চলিক ভাষাকে তুলে ধরে এই জেলাকে দেশজুড়ে পরিচিত করেছিলেন।