সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৪:০৪ পিএম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফিজিওথেরাপির ভূমিকা তুলে ধরে দিনাজপুরের কাহারোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বিশ্ব ফিজিওথেরাপি দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপী বর্ণাঢ্য সচেতনতামূলক পদযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা দীপশিখার বাস্তবায়নে, সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্টের সহযোগিতায় এবং নেদারল্যান্ডসভিত্তিক লিলিয়ান ফন্ডসের আর্থিক সহায়তায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশ নেন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে কাহারোল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মোস্তাফিজুর রহমান জানান, কাহারোল স্বাস্থ্য কমপ্লেক্সের রিহ্যাব সেন্টার থেকে প্রতিবন্ধী শিশু ও যুবকদের জন্য বিনামূল্যে বিশেষায়িত সেবা দেওয়া হচ্ছে। এটি দিনাজপুর জেলার মাত্র দুটি উপজেলায় বিদ্যমান একটি বিশেষ সুবিধা।
সরকারি ছুটির দিন বাদে প্রতি শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই চিকিৎসাকেন্দ্রে রোগীদের বিনামূল্যে ফিজিওথেরাপি দেওয়া হয়। সময়মতো এই চিকিৎসা গ্রহণ করতে পারলে শারীরিক প্রতিবন্ধিতা বহুলাংশে রোধ করা সম্ভব বলে তিনি উল্লেখ করেন। কাহারোল উপজেলার সহকারী কমিশনার ভূমি ইশতিয়াক আহমেদ এই মানবিক উদ্যোগের প্রশংসা করে সংশ্লিষ্ট সংস্থার প্রতি কৃতজ্ঞতা জানান এবং স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত বাকপ্রতিবন্ধীদের জন্য থেরাপি সেবা চালুর অনুরোধ জানান।
স্বাগত বক্তব্যে প্রকল্প সমন্বয়কারী হিমাংশু দেব দত্ত রায় জানান, ফিজিওথেরাপি একটি আধুনিক ও বিজ্ঞানসম্মত চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে শারীরিক পুনর্বাসন নিশ্চিত করা হয়। শারীরিক সমস্যায় আক্রান্ত শিশু ও যেকোনো ব্যক্তিকে দ্রুত এই বিশেষায়িত সেবা কেন্দ্রে নিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শারীরিক প্রতিবন্ধী ব্যক্তি, তাঁদের অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন