সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৬:১২ পিএম
দিনাজপুরের খানসামা উপজেলায় অনুমোদিত সীমার বাইরে রাসায়নিক সার মজুতের অভিযোগে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগ। শুক্রবার দুপুরে উপজেলার টংগুয়া বাজার ও পাকেরহাট এলাকায় পরিচালিত এই যৌথ অভিযানে মোট ৬৫৭ বস্তা সার জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই সার ডিলারকে মোট ৯০ হাজার টাকা জরিমানা এবং একটি গুদাম সিলগালা করা হয়েছে।
একটি ব্যবসাপ্রতিষ্ঠানের গুদাম তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়। টংগুয়া বাজারে বাংলাদেশ রাসায়নিক শিল্প সংস্থার অনুমোদিত ডিলার প্রতিষ্ঠান মেসার্স আসাদুজ্জামান ট্রেডার্সে পরিচালিত অভিযানে ২০৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৯৪ বস্তা ডিএপি, ৫৫ বস্তা ইউরিয়া ও ৫৮ বস্তা এমওপি সার ছিল। প্রতিষ্ঠানটির মূল ডিলার আসাদুজ্জামান অনুপস্থিত থাকায় এটি পরিচালনা করছিলেন মো. নজরুল ইসলাম। অবৈধ মজুতের অপরাধে ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্টদের ৫০ হাজার টাকা জরিমানা করে এবং জব্দ করা সার রাষ্ট্রীয় অনুকূলে বাজেয়াপ্ত করে।
পাকেরহাট এলাকায় মেসার্স মহাদেব ট্রেডার্সের গুদামে পৃথক অভিযান চালিয়ে ৪৫০ বস্তা সার জব্দ করা হয়। প্রতিষ্ঠানটির মালিক বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের নিবন্ধিত ডিলার মহিতোষ চন্দ্র চন্দ। সেখান থেকে ৩০০ বস্তা নোয়াপাড়া গ্রুপের এমওপি, বিএডিসি গ্রুপের ৫০ বস্তা এমওপি এবং ১০০ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। অতিরিক্ত মজুতের দায়ে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করে গুদামটি সিলগালা করে দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন দিনাজপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আদনান কবির উদয় এবং খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান সরকার। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, টংগুয়া বাজার থেকে জব্দ করা সার স্থানীয় কৃষকদের কাছে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে বিক্রি করে লব্ধ অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে। পাকেরহাটের জব্দ করা সারও সরকারি নির্দেশনা অনুযায়ী কৃষকদের মধ্যে সুষ্ঠুভাবে বণ্টনের উদ্যোগ নেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন