বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ডিজিটাল সাক্ষরতা ও সাইবার নিরাপত্তায় দিনাজপুরে তরুণদের প্রশিক্ষণ

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ১১:৫১ পিএম

ডিজিটাল সাক্ষরতা ও সাইবার নিরাপত্তায় দিনাজপুরে তরুণদের প্রশিক্ষণ

অনলাইন নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তথ্য যাচাইয়ের কৌশল শেখাতে দিনাজপুরে তরুণ-তরুণীদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে সম্প্রদায়ভিত্তিক মিডিয়া ও ডিজিটাল সাক্ষরতা প্রশিক্ষণ। শনিবার সকালে জেলা সদরের দিনাজপুর একাডেমি স্কুল মিলনায়তনে ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ইফেক্টিভ ডেমোক্রেসি ইন বাংলাদেশ প্রকল্পের ২১তম ব্যাচের এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২৩ জন তরুণ-তরুণী অংশ নেন।

সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলা এই প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশের ট্রাফিক ও এস্টেট শাখার সহকারী পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার এবং দিনাজপুর একাডেমি স্কুলের অধ্যক্ষ কামরুন নাহার। কর্মশালায় সাইবার নিরাপত্তা ও অনলাইন অ্যাকাউন্টের সুরক্ষায় দ্বি-স্তরীয় যাচাইকরণ পদ্ধতির ওপর একটি বিশেষ সেশন পরিচালনা করেন সুমন রঞ্জন সরকার। তিনি বলেন, ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা নিশ্চিত করতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের বিকল্প নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে যেকোনো তথ্য প্রচারের আগে তার সত্যতা যাচাই করা এবং অপরিচিত বা সন্দেহজনক লিংকে প্রবেশ করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।

অতিথিরা প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন এবং অর্জিত অভিজ্ঞতা পরিবার ও স্থানীয় সম্প্রদায়ের মাঝে ছড়িয়ে দেওয়ার তাগিদ দেন। ফ্রিড প্রকল্পের জেলা সমন্বয়কারী শাহ মোঃ আমিনুল হক জানান, প্রাতিষ্ঠানিক পড়াশোনার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য তথ্যপ্রযুক্তির দায়িত্বশীল ব্যবহার অত্যন্ত জরুরি। প্রশিক্ষণে তথ্য যাচাই-বাছাই বা ফ্যাক্ট-চেকিং, নিরাপদ ইন্টারনেট চর্চা এবং গঠনমূলক মতপ্রকাশের স্বাধীনতার বিভিন্ন কৌশল হাতে-কলমে তুলে ধরা হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা সাইবার সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিতে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। একই সাথে এ ধরনের সময়োপযোগী উদ্যোগ গ্রহণের জন্য ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা হয়।