সেপ্টেম্বর ১৮, ২০২৬, ০৯:১১ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার তিন নম্বর শতগ্রাম ইউনিয়নের গড়ফতু ফুটবল মাঠে গড়ফতু উদয় ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ফাইনাল ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এই চূড়ান্ত ম্যাচকে কেন্দ্র করে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও সাবেক ফুটবলার মো. আক্কাস আলী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপংকর বর্মন।
গড়ফতু উদয় ক্লাবের সভাপতি মো. হামিদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার আমীর ক্বারী আজিজুর রহমান, শতগ্রাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাত হোসেন, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে. এম. কুতুব উদ্দিন এবং সহকারী শিক্ষক মতিউল ইসলাম।
মাঠের লড়াইয়ে মুখোমুখি হয় নীলফামারীর এলিট স্পোর্টস ক্লাব ও রংপুরের স্যান্টোস ফুটবল একাডেমী। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা শেষে রংপুরের স্যান্টোস ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নীলফামারীর এলিট স্পোর্টস ক্লাব। রানার্সআপ ট্রফি নিয়ে সন্তুষ্ট থাকতে হয় স্যান্টোস ফুটবল একাডেমীকে।
ফাইনাল খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে নারী ও পুরুষসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক মাঠে জড়ো হন। কানায় কানায় পূর্ণ দর্শকের উল্লাসে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ নানা শ্রেণি-পেশার মানুষ দীর্ঘ সময় ধরে চমৎকার এই ক্রীড়া নৈপুণ্য উপভোগ করেন। আয়োজক কমিটির পক্ষ থেকে গড়ফতু উদয় ক্লাবের সভাপতি মো. হামিদুর রহমান জানান, তরুণ প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রেখে খেলাধুলায় সম্পৃক্ত করা এবং গ্রামবাংলার ঐতিহ্যবাহী ফুটবল সংস্কৃতিকে বাঁচিয়ে রাখাই তাদের এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন