শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬,
স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি

সর্পদংশন সচেতনতা দিবসে দিনাজপুরে র‍্যালি ও আলোচনা সভা

মো: মামুনুর রশিদ

সেপ্টেম্বর ১৯, ২০২৬, ০২:০০ পিএম

সর্পদংশন সচেতনতা দিবসে দিনাজপুরে র‍্যালি ও আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি

সর্পদংশনে মৃত্যু ও অক্ষমতা কমাতে সচেতনতা বৃদ্ধির প্রত্যয়ে দিনাজপুরে আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় এবং ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মো. গোলাম রসুল রাখি। আতঙ্ক পরিহার করে দ্রুত হাসপাতালে যাওয়াই সুরক্ষার মূল চাবিকাঠি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বাজেট) আরিফ আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. সিরাজুল ইসলাম, মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. মো. ওয়াহেদুল হক, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদরাতুল মুমতাহিনা, আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মো. নূর আলম এবং মেডিকেল অফিসার অব সিভিল সার্জন ডা. হোসেন মো. নাহিদ। এ ছাড়া সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, নার্সিং কর্মকর্তা এবং স্বাস্থ্য বিভাগের বিভিন্ন স্তরের কর্মচারীরা কর্মসূচিতে যোগ দেন।

আলোচনা সভায় চিকিৎসকেরা জানান, সাপে কাটার পর ভয় বা আতঙ্কিত না হয়ে রোগীকে দ্রুততম সময়ে নিকটস্থ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতে হবে। প্রচলিত বিভিন্ন কুসংস্কার, কবিরাজি ঝাঁড়ফুঁক কিংবা অবৈজ্ঞানিক ভুল পদ্ধতির ওপর নির্ভর করার কারণে অধিকাংশ ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং প্রাণহানি বাড়ে।

বক্তারা উল্লেখ করেন, সময়মতো চিকিৎসকের শরণাপন্ন হলে এবং আধুনিক অ্যান্টিভেনমসহ চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত পদ্ধতির সঠিক প্রয়োগে সাপের কামড়জনিত জটিলতা ও মৃত্যু পুরোপুরি ঠেকানো সম্ভব। সাধারণ মানুষের ভুল ধারণা দূর করতে প্রত্যন্ত অঞ্চলে সঠিক স্বাস্থ্যবার্তা পৌঁছানোর জন্য মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মী ও নাগরিক সমাজের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।