অলিউর রহমান মিরাজ
সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৬:৪৪ পিএম
ছবি - সংগৃহীত
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামে মাদক ও সব ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে একটি আলোচনা সভা করেছে সেখানকার যুবসমাজ। গতকাল রবিবার রাতে এই সভার আয়োজন করা হয়, যেখানে সমাজের সর্বস্তরের মানুষ অংশ নেয়।
সভায় স্থানীয়রা মাদক সরবরাহকারী ও মাদক গ্রহণকারীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার বিষয়ে মতামত দেন। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সবাই একমত হন এবং এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন।

আলোচনায় উঠে আসে যে, যুবসমাজ, বিশেষ করে শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে নিজেদের জীবন নষ্ট করছে। তাই তাদের সুস্থ জীবন ফিরিয়ে আনতে মাদকমুক্ত সমাজ গড়ার ওপর জোর দেওয়া হয়।
মাদকের ক্ষতিকর দিকগুলো নিয়ে অভিভাবকদের সঙ্গেও কথা বলা হয়। ভবিষ্যতে মাদকের শারীরিক ও মানসিক প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য তথ্য প্রচারের পরিকল্পনাও নেওয়া হয়।

মোঃ হাফিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক মাষ্টার, জামায়াতে ইসলামী মাহমুদপুর ইউনিয়নের আমির নুরনবী,
মোগরপাড়া আদর্শ জনকল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আঃ কাদের, মাহমুদপুর ব্লাড ডোনেশন সোসাইটির সাধারণ সম্পাদক মোঃ ছাহিবুর রহমান, মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ ছামিউল ইসলাম এবং মোগরপাড়া তরুণ ক্লাবের সভাপতি রাকিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ।