বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে ৩ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

ফাহিম হোসেন রিজু

সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:২৭ পিএম

ঘোড়াঘাটে ৩ ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে সাবেক এক জামায়াত নেতাসহ তিনজন ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ হলরুমে দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনের হাতে ফুল দিয়ে দলে যোগ দেন।

যারা বিএনপিতে যোগ দিয়েছেন তারা হলেন ৩নং সিংড়া ইউনিয়ন পরিষদের সদস্য ওহিদুরজ্জামান বাবু, সোনামিয়া মোল্লা এবং মফিজুল হক। এদের মধ্যে ওহিদুরজ্জামান বাবু একসময় জামায়াতের নেতা ছিলেন।

ওহিদুরজ্জামান বাবু বলেন, তিনি ২০১২ সাল থেকে জামায়াতে ইসলামীর বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। কিন্তু ৫ আগস্টের পর তার দলের কেউ খোঁজ নেয়নি। এ কারণে তিনি বিএনপিকে ভালোবেসে দলটিতে যোগ দিয়েছেন। তিনি আরও জানান, এখন থেকে তিনি তার ওয়ার্ডে বিএনপিকে শক্তিশালী করতে কাজ করবেন এবং আগামী নির্বাচনে ধানের শীষকে জেতাতে চেষ্টা করবেন।

তবে সিংড়া ইউনিয়ন জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোলাম রব্বানী বলেন, ওহিদুরজ্জামান বাবুকে ২০১৪-১৫ সালের দিকেই সংগঠন থেকে বাদ দেওয়া হয়েছিল। এরপর তিনি শুধু একজন সমর্থক ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ শামীম হোসেন চৌধুরী সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন ও অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।