মোঃ মোমিনুল ইসলাম
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:০৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে নির্বাচন আয়োজনসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে দলটির শহর ও সদর শাখা।
শুক্রবার বিকেলে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিনাজপুর শহর জামায়াতের আমীর মাওলানা সিরাজুস সালেহীন।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জামায়াত কর্মীরা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে আসেন। সমাবেশে বক্তারা অবিলম্বে জুলাই জাতীয় সনদকে আইনগত ভিত্তি প্রদান এবং জনগণের ভোটের সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জোর দাবি জানান।
জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আনিসুর রহমান বলেন, "জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এবং একটি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে এই দাবিগুলো বাস্তবায়ন অপরিহার্য।" তিনি হুঁশিয়ারি দেন যে, তাদের দাবিগুলো মেনে নেওয়া না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন।

সমাবেশে আরও বক্তব্য রাখেন সদর ৩ আসনের এমপি প্রার্থী অ্যাডভোকেট মাইনুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান প্রার্থী মাওলানা মজিবর রহমান, জামায়াত নেতা মাসুদ রানা ও মেহেরাব আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন কামরুজ্জামান রাসেল।