রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

ফাহিম হোসেন রিজু

সেপ্টেম্বর ২৯, ২০২৫, ১০:০৯ এএম

ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৪

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুর দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের চারজন আহত হয়েছেন। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ২নং পালশা ইউনিয়নের ইছলা গ্রামে এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. মাসুদ আলম জানান, ইছলা গ্রামে তার মালিকানাধীন ১.৪৫ একর জমির ওপর একটি পুকুর রয়েছে, যেখানে তিনি দীর্ঘদিন ধরে মাছ চাষ করে আসছেন। সম্প্রতি স্থানীয় কিছু লোক পূর্ব শত্রুতার জেরে পুকুরটি দখলের চেষ্টা চালাচ্ছিল।

ঘটনার দিন দুপুরে বাদশা মিয়ার ছেলে আজিম উদ্দিন ও আজিজ মিয়াসহ প্রায় আট থেকে দশজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুকুরে প্রবেশ করে জাল ফেলে মাছ ধরতে থাকে। মাসুদ আলম বাধা দিতে গেলে অভিযুক্তরা তাকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে।

মাসুদের চিৎকারে তার জেঠাতো ভাই কামরুজ্জামান এগিয়ে এলে তাকেও পিটিয়ে আহত করা হয় এবং ধারালো অস্ত্রের আঘাতে তার নাক ফেটে যায়। এ সময় মাসুদের ভাতিজা রাকিবুজ্জামান রিপন ও নাহিদুল ইসলাম রিয়াজ এগিয়ে এলে তারাও হামলার শিকার হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষের একপর্যায়ে হামলাকারীরা প্রায় ৫ মণ মাছ, যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা, ভ্যানে তুলে নিয়ে যায়। আহতদের দ্রুত ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, আসামিরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগী পরিবারকে নিয়মিত প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, "আমরা লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"