মো. ফাহিম সরকার
অক্টোবর ১৫, ২০২৫, ০৮:৩৯ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের বিরামপুর পৌর শহরের ঢাকা মোড় ফলপটির সামনে ট্রাকের ধাক্কায় এক অটোচালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যা আনুমানিক ছয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম আতিয়ার রহমান (৪৫)। তিনি ফুলবাড়ী উপজেলার চক সাহাবাজপুর গ্রামের মৃত আবদ্দুর কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আতিয়ার রহমান প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে যাত্রী পরিবহন করছিলেন। সন্ধ্যার দিকে ফলপটির সামনে যাত্রী অপেক্ষায় থাকাকালীন পেছন দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চোখের সামনে দুর্ঘটনা দেখা এক স্থানীয় ব্যক্তি বলেন, "আতিয়ার ভাই সামনেই ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই ট্রাকটা ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।"
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী অটোচালকরা জানান, আতিয়ার ছিলেন পরিশ্রমী ও হাসিখুশি মানুষ।
স্থানীয়দের অভিযোগ: "আর কত প্রাণ গেলে টনক নড়বে?" তাদের মতে, বিরামপুর ফলপটির সামনে প্রতিনিয়ত যানজট লেগে থাকে। অটো, রিকশা ও বাসের অবাধ চলাচল ও দাঁড়ানোর কারণে এলাকাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে উঠেছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, বিরামপুরে একটি সঠিক বাস টার্মিনাল থাকলে এমন দুর্ঘটনা ঘটতো না।
এ বিষয়ে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যানজট নিরসনের ব্যবস্থা নিয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"