সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

৪৭তম যুবদল প্রতিষ্ঠা বার্ষিকীতে বীরগঞ্জে নেতাকর্মীর ঢল

শাহিন ইসলাম

অক্টোবর ২৮, ২০২৫, ০৬:৫৩ পিএম

৪৭তম যুবদল প্রতিষ্ঠা বার্ষিকীতে বীরগঞ্জে নেতাকর্মীর ঢল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ২৮ অক্টোবর ২০২৫ ইং, মঙ্গলবার বিকেলে বীরগঞ্জ প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে হাজারো নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির শুরুতে উপজেলা যুবদলের সদস্য সচিব মো: তানভীর আহম্মেদ চৌধুরী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: আব্দুল জব্বারের নেতৃত্বে প্রেস ক্লাব চত্বর থেকে এক বিশাল র‍্যালি বের করা হয়। র‍্যালিতে বীরগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় ব্যানার-ফেস্টুন ও পতাকা নিয়ে অংশ নেন।

গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা এবং কারাবন্দী নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে দিতে নেতাকর্মীরা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন। র‍্যালিতে বিশেষ করে ১০ নং মোহনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো: শাজাহান আলী, সাধারণ সম্পাদক মো: আকমল হোসেন আরিফ এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো: ফেরদৌস হোসেন মন্ডল, সাধারণ সম্পাদক মো: আব্দুল খালেকের নেতৃত্বে তৃণমূলের কর্মীদের সক্রিয়তা ছিল প্রশংসনীয়। তাদের সুশৃঙ্খল অংশগ্রহণে অনুষ্ঠানটি সফল হয়।

র‍্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের গণমানুষের নেতা, বীরগঞ্জ উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি জননেতা জনাব মোঃ মনজুরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে যুবদলের ৪৭ বছরের পথচলার কথা তুলে ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলনে এই সংগঠনের ঐতিহাসিক ভূমিকার প্রশংসা করেন।

মনজুরুল ইসলাম বলেন, যুবদল হচ্ছে তারুণ্যের শক্তি এবং পরিবর্তনের প্রতীক। জনগণের ভোটের অধিকার হরণ ও অর্থনৈতিক সংকট সৃষ্টির মাধ্যমে বর্তমান সরকার দেশের স্থিতিশীলতা নষ্ট করছে অভিযোগ করে তিনি বলেন, "দেশের স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যুবদলের অবদান অনস্বীকার্য। তারেক রহমানের নির্দেশনা মেনে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকতে যুবদল প্রস্তুত।" তিনি নেতাকর্মীদেরকে সকল ষড়যন্ত্র মোকাবিলা করে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান।

আলোচনা সভায় উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দও দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং জনগণের দুর্ভোগ নিয়ে আলোকপাত করেন। বীরগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মো: তানভীর আহম্মেদ চৌধুরী এত বড় আয়োজন সুশৃঙ্খলভাবে সফল করায় সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সফল কর্মসূচির মধ্য দিয়ে দিনাজপুর জেলার রাজনীতিতে যুবদলের সাংগঠনিক শক্তিমত্তা আরও একবার প্রমাণিত হলো।