অক্টোবর ৩০, ২০২৫, ০৫:৪৩ পিএম
দিনাজপুরের পুলহাট থেকে খানপুর পর্যন্ত রাস্তার দুই পাশের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের সিদ্ধান্তকে 'অনৈতিক' আখ্যা দিয়ে এর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন 'শিকদারহাট ব্যবসায়ীবৃন্দ'।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই উচ্ছেদ অভিযানকে "অবৈধ উচ্ছেদের নামে সীমাহীন দুর্ভোগে ফেলার পাঁয়তারা" বলে অভিযোগ করেন।
ব্যবসায়ীরা বলেন, কোনো ধরনের পূর্ব আলোচনা বা যথাযথ পুনর্বাসনের ব্যবস্থা না করেই রাস্তার দুই ধার থেকে তাদের দীর্ঘদিনের বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এর ফলে কয়েকশ পরিবার ও ক্ষুদ্র ব্যবসায়ী সর্বস্বান্ত হওয়ার পথে বসেছে।
শিকদারহাট ব্যবসায়ীবৃন্দের পক্ষে লিখিত বক্তব্যে বলা হয়, "আমরা উন্নয়নের বিরোধী নই। কিন্তু উন্নয়নের নামে সাধারণ মানুষকে পথে বসানোর এই 'অনৈতিক সিদ্ধান্ত' আমরা মানতে পারছি না। যুগ যুগ ধরে আমরা এখানে বৈধভাবে ব্যবসা ও বসবাস করে আসছি। এখন হঠাৎ করে 'অবৈধ' তকমা দিয়ে আমাদের উচ্ছেদ করা হলে আমরা পরিবার-পরিজন নিয়ে কোথায় যাবো?"
সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ীরা অবিলম্বে এই 'অনৈতিক' উচ্ছেদ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান। তাদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের আগে ক্ষতিগ্রস্তদের সাথে আলোচনা করা এবং উচ্ছেদ অপরিহার্য হলে, অবশ্যই আগে যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করা।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি তাদের যৌক্তিক দাবি মেনে না নিয়ে জোরপূর্বক উচ্ছেদ চালানোর চেষ্টা করা হয়, তবে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সাথে নিয়ে আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবেন। তারা এই মানবিক বিষয়টি বিবেচনা করার জন্য স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন