মোঃ আব্দুর রাজ্জাক
নভেম্বর ৪, ২০২৫, ০৬:১৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুর-৬ (হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট) আসনে ধানের শীষের মনোনয়ন পাওয়ার পরদিনই নির্বাচনী এলাকা হাকিমপুর উপজেলার ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসার শিক্ষকদের সাথে মতবিনিময় সভায় অংশ নিলেন বিএনপির মনোনীত প্রার্থী ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে হিলি বন্দরের সি অ্যান্ড এফ এজেন্ট অ্যাসোসিয়েশনে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে তিনি উপরোক্ত মন্তব্য করেন।
অধ্যাপক ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, "সংবিধানের যে লাইনগুলো বাদ দেওয়া হয়েছে, যেমন আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থা—এই কথাগুলো তুলে দিয়েছে বিগত ১৫ বছর ধরে দেশ শাসন করা ফ্যাসিস্টরা। সংবিধানে ইসলাম ধর্মের এই গুরুত্বপূর্ণ কথাগুলো সংযুক্ত করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।"তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ইসলামী মনোবল ও দৃঢ় ইমানি শক্তির কথা তুলে ধরে বলেন, "৭৫-এর আগে বাংলাদেশ রাষ্ট্রীয় স্বীকৃতি পায়নি। এরপর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কর্তৃক রাষ্ট্র শাসিত হওয়ার সময় সৌদি আরবসহ বিভিন্ন দেশ বাংলাদেশকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়েছে
তিনি আরও বলেন, "শহীদ জিয়াউর রহমান দৃঢ় ইমানি শক্তি নিয়ে ঐতিহাসিক আরাফাতের ময়দানে নিম গাছের চারা রোপণ করেছিলেন, যা এখন 'জিয়ানীম' নামে পরিচিত। যেখানে হাজারও মুসল্লি বিশ্রাম নেন। শহীদ জিয়াউর রহমান এমন ভাগ্যবান ব্যক্তি, পবিত্র বায়তুল্লাহ শরীফ বছরে একবার পরিষ্কার হলেও সবচেয়ে বেশি পরিষ্কারের দায়িত্ব পেয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।"
আলেম-ওলামাদের প্রতি আহ্বান
আলেম-ওলামাদের উদ্দেশ্যে তিনি বলেন, "গতকাল দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমাকে দিনাজপুর-৬ আসনে দলীয় মনোনয়ন দিয়েছে। আর আজ আপনাদের মতো সম্মানিত ইমাম, মুয়াজ্জিন ও কওমি মাদ্রাসা শিক্ষকদের সাথে প্রথম মিটিং বা সাক্ষাৎ করতে পারলাম, সত্যিই এটি আল্লাহর অশেষ রহমত।"তিনি ইমাম ও মুয়াজ্জিনদের সমাজের সম্মানিত ও মুরুব্বি আখ্যা দিয়ে বলেন, "মানুষ সমস্যা সমাধানের জন্য আপনাদের কাছে যায়। যেহেতু আমরা ৭৯ সালের পরে প্রায় ৪৬ বছর পর ধানের শীষের প্রতীক নিয়ে এসেছি, তাই আমাদের দলীয় সেবা ও কার্যক্রম সাধারণ মানুষের কাছে আপনাদের মাধ্যমে পৌঁছে দিতে চাই।"
এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা সদস্য অধ্যাপক আকরাম আলী, সভাপতি মো. ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. ফরিদ খান, সম্পাদক মো. নাজমুল হোসেন সহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।একই দিন দুপুরে তিনি পৌর শহরের ছাতনি পার্কে ৮ ও ৯ ওয়ার্ডের দলীয় নেতা-কর্মীদের সাথে এবং পরে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে ওয়ার্ড ও ইউনিয়নের দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেন।