মোঃ আব্দুর রাজ্জাক
নভেম্বর ৫, ২০২৫, ০৬:১১ পিএম
ছবি-দিনাজপুর টিভি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের-১০, দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নূরুল হুদা বাবু বলেছেন, জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে। তিনি বলেন, "পার্বতীপুরের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের রাজনীতিই আমরা করতে চাই।"
বুধবার (৫ নভেম্বর) বিকেলে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে তিনি এসব মন্তব্য করেন। নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে স্থানীয় বিএনপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।বিএনপি'র মনোনয়ন প্রত্যাশী নূরুল হুদা বাবু বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা তুলে ধরে বলেন, "জনগণের হাতে রাষ্ট্রের ক্ষমতা ফিরিয়ে দেওয়া।
আমরা চাই অবাধ নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা, দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানবাধিকারের নিশ্চয়তা। গণতন্ত্র ফিরিয়ে এনে একটি ন্যায়ভিত্তিক ও জনগণের বাংলাদেশ গড়াই আমাদের প্রতিশ্রুতি।"এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কামরুল হুদা শান্তু, সাবেক শিক্ষক শামসুদ্দোহা দুলু ও সাংবাদিক বদরুদোজ্জা বুলু, 'আমাদের নূরুল হুদা' টিমের সদস্য তাহেরুল ইসলাম ও পাভেল প্রমুখ।