নভেম্বর ৬, ২০২৫, ০৭:৫৫ পিএম
নিজে পরিষ্কার থাকি, পৌরসভাকে পরিষ্কার রাখি"—এই স্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (৬ নভেম্বর) দিনাজপুর পৌরসভার আয়োজনে এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ইএসডিও, আস্থা সংস্থা ও দীপ্তি ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
স্থানীয় জনগণের অংশগ্রহণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করতে গিয়ে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, "আইন দিয়ে সবকিছু করা সম্ভব নয়। পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে জনগণকে সচেতন করতে হবে। এর জন্য চাই সকলের অংশগ্রহণ এবং সামাজিক আন্দোলন।"অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, "এই দেশ, এই শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। এব্যাপারে জিও-এনজিও সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।"
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ দিনাজপুর এরিয়া কো-অর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরীফিকেশন বলেন, "ইতিমধ্যে ওয়ার্ল্ড ভিশন দিনাজপুর পরিষ্কার-পরিচ্ছন্নতা নিয়ে কাজ শুরু করেছে। আমরা প্লাস্টিক, বর্জ্য, আবর্জনা যেখানে-সেখানে না ফেলার জন্য জনগণকে সচেতন করে আসছি। এছাড়া পরিবেশবান্ধব গ্রাম গড়ে তোলার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছি।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন আস্থা সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাহিদ পারভীন মুক্তি, দীপ্তি ফাউন্ডেশনের প্রকল্প ব্যবস্থাপক হান্না রায়, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুজ্জামান ও ইউএনডিসি'র সভাপতি আকরাম হোসেন বাবলু।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে অতিথিবৃন্দ এবং স্থানীয় জনগণ রাস্তার দু'ধারের ময়লা-আবর্জনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন