শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন খানসামা ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীরা

মোঃ রাজু ইসলাম

এপ্রিল ১৩, ২০২৬, ০৩:১৪ পিএম

অশ্রুসিক্ত নয়নে বিদায় নিলেন খানসামা ফাজিল মাদ্রাসার পরীক্ষার্থীরা

অশ্রুসিক্ত নয়নে শিক্ষার্থীদের বিদায় ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের খানসামা উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান খানসামা দ্বি-মুখী ফাজিল স্নাতক মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল ও আলিম পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে অত্যন্ত ভাবগম্ভীর ও আবেগঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক ও আমন্ত্রিত বক্তারা আসন্ন পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, "পরীক্ষা জীবনের একটি ধাপ মাত্র। 

কোনো শিক্ষার্থী যেন পরীক্ষার হলে প্রশ্ন দেখে বা কোনো পরিস্থিতিতেই হতাশ না হয়। ধৈর্য ও পরিশ্রমের সমন্বয় ঘটলে সাফল্য সুনিশ্চিত।" জীবনের প্রতিটি ক্ষেত্রে নৈতিকতা ও সততার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।

বিদায়ের এই ক্ষণে মাদ্রাসা প্রাঙ্গণে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। দীর্ঘ কয়েক বছরের স্মৃতিবিজড়িত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের ছেড়ে যাওয়ার কথা ভেবে অনেক শিক্ষার্থীকে অশ্রুসিক্ত হতে দেখা যায়। শিক্ষকরা পরম মমতায় শিক্ষার্থীদের বিদায় জানান এবং তাদের উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পরীক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল এবং সার্বিক মঙ্গল কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন। মাদ্রাসা কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতি বছরের মতো এবারও তাদের প্রতিষ্ঠান থেকে উল্লেখযোগ্য সংখ্যক পরীক্ষার্থী দাখিল ও আলিম পরীক্ষায় অংশ নিচ্ছে এবং তাদের প্রস্তুতি সন্তোষজনক।