রবিবার, ১১ অক্টোবর, ২০২৬,

বীরগঞ্জে পোনা মাছ বিতরণ ও জলাশয়ে অবমুক্তকরণ কর্মসূচি

মোঃ আব্দুর রাজ্জাক

সেপ্টেম্বর ১, ২০২৬, ০৪:২১ পিএম

বীরগঞ্জে পোনা মাছ বিতরণ ও জলাশয়ে অবমুক্তকরণ কর্মসূচি

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের বীরগঞ্জে রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রজাতির পোনা মাছ বিতরণ এবং উন্মুক্ত জলাশয়ে পোনা অবমুক্তকরণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার সকালে বীরগঞ্জ পৌর শহরের উপজেলা মৎস্য বীজ উৎপাদন খামার কেন্দ্রে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এলাকার মৎস্য সম্পদ বৃদ্ধি ও দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন প্রজাতির পোনা মাছ বিতরণ ও জলাশয়ে অবমুক্ত করেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. মনজুরুল ইসলাম। এ সময় উপজেলার বদ্ধ জলাশয়, প্রাতিষ্ঠানিক পুকুর ও উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা ছাড়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুমি খাতুন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফজল ইবনে কাসেম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. অহনাদ আলী মণ্ডল, উপজেলা মৎস্য খামার ব্যবস্থাপক মো. শামসুজ্জামান এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. শাহজাহান সিরাজ সিমন প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সুফলভোগীরা এই পোনা মাছগুলো সঠিকভাবে সংরক্ষণ করতে পারলে ভবিষ্যতে মাছের প্রাচুর্য বহুগুণ বৃদ্ধি পাবে। এর মাধ্যমে দেশের খালবিল ও নদীগুলো আবারও দেশীয় মাছে ভরপুর হয়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।