সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৫:৩৫ পিএম
প্রান্তিক জনগোষ্ঠীর সরকারি সেবায় প্রবেশগম্যতা ও নাগরিক অধিকার নিশ্চিত করতে দিনাজপুরের বিরলে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিরল উপজেলা পরিষদ সভাকক্ষে স্থানীয় প্রশাসন ও বেসরকারি উন্নয়ন সংস্থার যৌথ অংশীদারত্বে এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থার (জেএসকেএস) নির্বাহী পরিচালক মোস্তফা কামাল। তিনি প্রান্তিক অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং সরকারি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সুবিধাগুলোর সঠিক বণ্টনের ওপর জোর দেন। এরপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. পার্থ জ্বীময় সরকার, উপজেলা কৃষি অফিসার রুম্মান আক্তার এবং বিরল থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান।
প্রান্তিক নাগরিকদের দাপ্তরিক অধিকার নিশ্চিতে সব বিভাগের সমন্বয় জরুরি। অনুষ্ঠানে আরও মূল্যবান মতামত তুলে ধরেন উপজেলা সমাজসেবা অফিসার রাজুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান চৌধুরী, মৎস্য অফিসার আবুল কালাম আজাদ, পল্লী উন্নয়ন অফিসার হোসেন মোহাম্মদ দিনার এবং একাডেমিক সুপারভাইজার আকলিমা বেগম। স্থানীয় পর্যায়ে তৃণমূল নেতৃত্ব বিকাশের ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন ১২ নম্বর রাজারামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় এবং কানাইবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ।
সভায় নাগরিক অধিকার ও সেবা সম্প্রসারণে পরিচালিত চলমান সামাজিক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয়। ঝানজিরা সমাজ কল্যাণ সংস্থা ও বিরল আদিবাসী যুব কল্যাণ পরিষদের যৌথ অংশীদারত্বে এবং সিভিক এনগেজমেন্ট ফান্ড ও জিএফএ কনসালটিং গ্রুপের সহযোগিতায় বিরলে ‘এমপাওয়ার’ নামের একটি বিশেষ প্রকল্প পরিচালিত হচ্ছে। উপজেলার ধামইর, ধর্মপুর, রাণীপুকুর, রাজারামপুর, পলাশবাড়ী, বিজোড়া এবং আজিমপুর—এই সাতটি ইউনিয়নে প্রকল্পটি মাঠপর্যায়ে বাস্তবায়ন করা হচ্ছে। এর প্রধান লক্ষ্য হলো আদিবাসী ও দলিত জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের নেতৃত্ব, সামাজিক প্রতিনিধিত্ব এবং সরকারি সেবায় তাদের সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করা।
সমন্বয় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেএসকেএস-এর টেকনিক্যাল বিশেষজ্ঞ মর্জিনা রূপা, প্রজেক্ট ম্যানেজার হারুনুর রশিদ, কর্মকর্তা সাইফুল আলম এবং এপিও রেজাউল ইসলামসহ সুশীল সমাজ ও আদিবাসী-দলিত সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন