শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬,

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা হবে না বাংলাদেশের মাটিতে: সমাজকল্যাণমন্ত্রী

অলিউর রহমান মিরাজ

নভেম্বর ২৮, ২০২৬, ০৪:৫৫ পিএম

বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা হবে না বাংলাদেশের মাটিতে: সমাজকল্যাণমন্ত্রী

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান. ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুরের নবাবগঞ্জে রাস পূর্ণিমা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, কোনো অবস্থাতেই বাংলাদেশের মাটিতে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জায়গা হবে না।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার ঐতিহাসিক সীতারকোটে অবস্থিত সীতারাম মন্দির পরিচালনা কমিটির আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইঞ্জিনিয়ার গজেন চন্দ্র বর্মন স্বপন। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

মন্ত্রী বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সহাবস্থান বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, রাস পূর্ণিমা শুধু একটি ধর্মীয় উৎসব নয়। এটি সম্প্রীতি, মানবতা, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য বার্তা বহন করে। সব ধর্মের মানুষের অংশগ্রহণে এ ধরনের আয়োজন সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে।

এ সময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিধান কান্তি হালদার। আরও ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উপজেলা সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন ও সদস্য সচিব আনোয়ার হোসেনসহ উপজেলা বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

বিশ্বের সকল জীবের শান্তি, মঙ্গল ও কল্যাণ কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানে এক সম্প্রীতিময় পরিবেশের সৃষ্টি হয়।