বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত আকারে আমদানির অনুমতি

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:১৬ পিএম

পেঁয়াজের বাজার সহনীয় রাখতে সীমিত আকারে আমদানির অনুমতি

দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় পর্যায়ে রাখতে আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হচ্ছে। সম্প্রতি দেশের খুচরা বাজারে পেঁয়াজের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিল কৃষি মন্ত্রণালয়।

এই সিদ্ধান্তের ফলে জাতীয় অর্থনীতিতে পেঁয়াজের দামের অস্থিরতা কমে আসবে বলে আশা করা হচ্ছে। আজ শনিবার (৬ ডিসেম্বর) কৃষি মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে ৭ ডিসেম্বর থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি অর্থাৎ আইপি (আমদানি অনুমতি) প্রদান করা হবে।

প্রতিদিন ৫০টি করে আইপি ইস্যু করা হবে এবং প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ ৩০ টন পেঁয়াজের অনুমোদন দেওয়া হবে।কৃষি মন্ত্রণালয় জানায়, গত ১ আগস্ট থেকে অদ্যাবধি যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছিলেন, কেবল তারাই আবেদন পুনরায় দাখিল করার সুযোগ পাবেন। এছাড়া একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই সীমিত আকারের আমদানির অনুমতি দেওয়ার মাধ্যমে সরকার বাজারে সরবরাহ বাড়িয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করা মজুতদারদের সিন্ডিকেট ভাঙতে চাইছে। সারাদেশের মানুষ এখন পেঁয়াজের দাম দ্রুত কমার অপেক্ষায় রয়েছে।