রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঈদের আগে দফায় দফায় কমছে স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ১৯, ২০২৬, ০২:৩৮ পিএম

ঈদের আগে দফায় দফায় কমছে স্বর্ণের দাম

স্বর্ণের বড় দরপতন

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শক্তিশালী মার্কিন ডলার এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের কঠোর মুদ্রানীতির প্রভাবে বৃহস্পতিবার স্বর্ণের দাম গত এক মাসেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এর আগে বুধবারও কয়েক দফায় স্বর্ণের দাম কমতে দেখা গেছে। 

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগে বিশ্ববাজারে স্বর্ণের এমন দরপতন বিনিয়োগকারী ও সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বাজার বিশ্লেষকদের ধারণা, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে নিকট ভবিষ্যতে স্বর্ণের দাম আরও কমতে পারে।

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ১ শতাংশ কমে বর্তমানে ৪ হাজার ৭৬৪ দশমিক ২৭ ডলারে দাঁড়িয়েছে, যা গত ৬ ফেব্রুয়ারির পর সবচেয়ে কম। একই সময়ে এপ্রিল মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচার্সের দাম ২ দশমিক ৬ শতাংশ কমে ৪ হাজার ৭৭০ ডলারে নেমে এসেছে। 

বিশ্লেষকরা বলছেন, বিশ্ববাজারে মার্কিন ডলারের মান শক্তিশালী হওয়া স্বর্ণের ওপর এই বিশাল চাপ তৈরি করেছে। সাধারণত ডলারের মান বাড়লে অন্যান্য মুদ্রাধারীদের জন্য স্বর্ণ কেনা বেশ ব্যয়বহুল হয়ে পড়ে, যার ফলে বিশ্বজুড়ে এই মূল্যবান ধাতুর চাহিদা উল্লেখযোগ্যভাবে কমে যায়।এছাড়া ফেডারেল রিজার্ভের কড়া মুদ্রানীতির ইঙ্গিতও স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে। সুদের হার কমার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসায় বিনিয়োগকারীরা স্বর্ণের মতো সুদবিহীন সম্পদের পরিবর্তে ডলারের দিকে বেশি ঝুঁকছেন। 

উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে সামরিক হামলার পর থেকে এ পর্যন্ত স্বর্ণের দাম ৯ শতাংশের বেশি হ্রাস পেয়েছে। যদিও সাধারণত বৈশ্বিক অস্থিরতার সময় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে, তবে এবার শক্তিশালী ডলারই বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে দাঁড়িয়েছে। এর ফলে বিশ্ববাজারে স্বর্ণের দাম ক্রমাগত নিম্নমুখী হচ্ছে, যার প্রভাব বাংলাদেশের স্থানীয় বাজারেও পড়ার সম্ভাবনা রয়েছে।