রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৩:৪০ পিএম

জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়ানোর সিদ্ধান্ত

বাড়ল জেট ফুয়েলের দাম

দেশের আকাশপথে যাতায়াতের খরচ ব্যাপক হারে বাড়তে যাচ্ছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম এক ধাক্কায় প্রায় ৮০ শতাংশ বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার জুম প্ল্যাটফর্মে আয়োজিত এক জরুরি সভায় এই দাম নির্ধারণ করা হয়। 

সভায় বিইআরসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি পদ্মা অয়েল কোম্পানি এবং বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্য পরিস্থিতি বিবেচনায় নিয়ে দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে বলে জানা গেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটে চলাচলের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১১২ টাকা ৪১ পয়সা থেকে বাড়িয়ে ২০২ টাকা ২৯ পয়সা করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটারে জ্বালানির দাম এক লাফে বেড়েছে ৮৯ টাকা ৮৮ পয়সা। 

অন্যদিকে, আন্তর্জাতিক রুটের ফ্লাইটের জন্য প্রতি লিটার জ্বালানির দাম ০.৭৩৮৪ ডলার থেকে বাড়িয়ে ১.৩২১৬ ডলার নির্ধারণ করা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে এই মূল্যবৃদ্ধির হার প্রায় ৭৯ শতাংশ। বিইআরসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ২৪ মার্চ মধ্যরাত অর্থাৎ ২৫ মার্চ বুধবার থেকে সারা দেশে এই নতুন দাম কার্যকর হবে।সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘ ঈদের ছুটি শেষে যখন বিমান চলাচলে চাঞ্চল্য ফিরছে, ঠিক তখনই জ্বালানির এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এভিয়েশন খাতে বড় ধরনের প্রভাব ফেলবে। 

বিশেষ করে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের আকাশছোঁয়া টিকিটের দাম গুনতে হতে পারে। জ্বালানির এই বড় অংকের দাম বৃদ্ধি এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় কয়েক গুণ বাড়িয়ে দেবে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ যাত্রীদের ওপর। সরকারের এই সিদ্ধান্ত এভিয়েশন সেক্টরে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।