রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

২৩ দিনে রেমিট্যান্স এলো ২৮২ কোটি ডলার

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৪, ২০২৬, ০৬:১৬ পিএম

২৩ দিনে রেমিট্যান্স এলো ২৮২ কোটি ডলার

বাড়ছে রেমিট্যান্সের গতি

মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনায় বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা থাকলেও বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, চলতি মার্চ মাসের প্রথম ২৩ দিনেই দেশে ২৮২ কোটি ৮০ লাখ ডলার বা ২ দশমিক ৮২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। 

গত বছরের একই সময়ের তুলনায় এই আয়ের পরিমাণ ৭ দশমিক ৪০ শতাংশ বেশি। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ২৬৩ কোটি ৩০ লাখ ডলার। অর্থনৈতিক সংকটের এই সময়ে রেমিট্যান্সের এই উল্লম্ফন দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য স্বস্তির খবর হিসেবে দেখা হচ্ছে।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্য বাংলাদেশের প্রবাসী আয়ের প্রধান উৎস হওয়ায় যুদ্ধের কারণে প্রবাসীদের মধ্যে কিছুটা আতঙ্ক থাকলেও আসন্ন পবিত্র ঈদুল ফিতরের খরচ মেটাতে তারা বেশি পরিমাণ অর্থ দেশে পাঠাচ্ছেন। 

এছাড়া রমজান মাসে জাকাতের অর্থ পাঠানোর কারণেও এই প্রবাহ বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে ২৩ মার্চ পর্যন্ত দেশে মোট ২ হাজার ৫৩৮ কোটি ডলার রেমিট্যান্স এসেছে যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৯ দশমিক ৮০ শতাংশ বেশি। বিগত অর্থবছরে দেশে রেকর্ড ৩ হাজার ৩৩ কোটি ডলার রেমিট্যান্স এসেছিল যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর প্রবণতা বেড়েছে। বিশেষ করে অর্থ পাচার রোধে কেন্দ্রীয় ব্যাংকের কঠোর অবস্থান এবং হুন্ডি প্রতিরোধে নেওয়া বিভিন্ন উদ্যোগের সুফল পাওয়া যাচ্ছে। ঋণের নামে ব্যাংক থেকে অর্থ আত্মসাৎ ঠেকাতে সরকারের চলমান সংস্কার কর্মসূচিও প্রবাসীদের মধ্যে আস্থার সৃষ্টি করেছে। এর ফলে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর হার বৃদ্ধি পাওয়ায় রেমিট্যান্সের ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে যা দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশেষ ভূমিকা রাখছে।