সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬,

দেশে স্বর্ণের দাম আরও কমল, নতুন দর আজ থেকে কার্যকর

দিনাজপুর টিভি ডেস্ক

মার্চ ২৭, ২০২৬, ১১:৪৯ এএম

দেশে স্বর্ণের দাম আরও কমল, নতুন দর আজ থেকে কার্যকর

কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা দ্বিতীয়বারের মতো বড় ধরনের দরপতন ঘটেছে স্বর্ণের মূল্যে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সবশেষ সিদ্ধান্তে প্রতি ভরি স্বর্ণের দাম ৬ হাজার ৫৯০ টাকা কমানোর ঘোষণা দিয়েছে। আজ শুক্রবার সকাল ১০টা থেকে এই নতুন দর কার্যকর হয়েছে। 

বাজুস জানিয়েছে স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে তারা এই নতুন মূল্য নির্ধারণ করেছে। বর্তমানের এই দর অনুযায়ী এখন থেকে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৪ হাজার ৮৫৫ টাকায় কেনাবেচা হবে।

স্বর্ণের অন্যান্য ক্যাটাগরিতেও দাম কমানো হয়েছে আনুপাতিক হারে। নতুন মূল্য তালিকা অনুযায়ী ২১ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। 

এছাড়া ১৮ ক্যারেট প্রতি ভরি ১ লাখ ৯২ হাজার ১৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ এখন থেকে ১ লাখ ৫৬ হাজার ৪৭৩ টাকায় বিক্রি হচ্ছে। এর আগে গত ২৫ মার্চও স্বর্ণের দামে বড় ধরনের সমন্বয় এনেছিল বাজুস। সেদিনও ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল। মাত্র দুই দিনের ব্যবধানে বড় অংকের এই দরপতন জুয়েলারি বাজারে ক্রেতাদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশে মোট ৪৭ বার স্বর্ণের দামের পরিবর্তন বা সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ২৬ বার দাম বাড়ানোর বিপরীতে ২১ বার কমানোর সিদ্ধান্ত নিয়েছে জুয়েলারি ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠন।

উল্লেখ্য যে গত বছর অর্থাৎ ২০২৫ সালে রেকর্ড ৯৩ বার স্বর্ণের দামের পরিবর্তন হয়েছিল যেখানে দাম বাড়ার হার ছিল অনেক বেশি। এদিকে স্বর্ণের দাম কমলেও রুপার বাজারে বর্তমানে কোনো পরিবর্তন আসেনি। আগের নির্ধারিত দর অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৩৬৫ টাকায় বিক্রি হচ্ছে। ২১ ও ১৮ ক্যারেটের রুপার দামও অপরিবর্তিত রাখা হয়েছে। বাজুস জানিয়েছে তারা নিয়মিত বাজার পর্যবেক্ষণ করছে এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে পরবর্তীতে পুনরায় দাম সমন্বয় করা হবে।