এপ্রিল ২২, ২০২৬, ০৯:৫৮ এএম
দেশের বাজারে সর্বশেষ সমন্বয় অনুযায়ী আজ বুধবার (২২ এপ্রিল) রেকর্ড সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে স্বর্ণ ও রুপা। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) নির্ধারিত নতুন দাম অনুযায়ী বর্তমানে বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম আড়াই লাখ টাকা ছাড়িয়ে গেছে। গত ১৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই নতুন দরেই বুধবার দেশের জুয়েলারি দোকানগুলোতে বেচাকেনা চলছে।
মূলত স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বৃদ্ধির প্রেক্ষিতে বাজুস এই মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেয়।বাজুসের সবশেষ বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৮ হাজার ৮২০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪ হাজার ৭০৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৬ হাজার ৭৩৭ টাকায় বেচাকেনা হচ্ছে। এর আগে গত ৯ এপ্রিল স্বর্ণের দাম কিছুটা কমানো হলেও মাত্র এক সপ্তাহের ব্যবধানে ১৫ এপ্রিল ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে দেয় বাজুস, যা বর্তমানেও বহাল রয়েছে।
স্বর্ণের মূল্য বৃদ্ধির সাথে পাল্লা দিয়ে দেশের বাজারে বেড়েছে রুপার দামও। সবশেষ সমন্বয়ে ভরিতে ৩৫০ টাকা বাড়িয়ে প্রতি ভরি ২২ ক্যারেটের রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ৬৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৭৩২ টাকায় বিক্রি হচ্ছে। রুপার বাজারে চলতি বছর এখন পর্যন্ত ৩৪ বার দাম সমন্বয় করেছে বাজুস, যার মধ্যে ১৯ বারই দাম বেড়েছে।
পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৫৫ বার স্বর্ণের দাম পরিবর্তন করা হয়েছে। এর মধ্যে ৩২ দফা দাম বাড়ানো হয়েছে এবং ২৩ দফা কমানো হয়েছে। এর আগে ২০২৫ সালে স্বর্ণের বাজার আরও বেশি অস্থির ছিল, যখন মোট ৯৩ বার দাম সমন্বয় করা হয়েছিল। বর্তমানে বিশ্ববাজারের অস্থিরতা এবং দেশীয় বাজারে তেজাবি স্বর্ণের সরবরাহ সংকটের কারণে মূল্যবান এই ধাতুটির দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা। জুয়েলারি ব্যবসায়ীরা বলছেন, বারবার দাম পরিবর্তনের কারণে ক্রেতা ও বিক্রেতা উভয় পক্ষই এক ধরণের অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন