মে ৫, ২০২৬, ১১:২১ এএম
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে। মঙ্গলবার সকালে সংগঠনটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। নতুন নির্ধারিত দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমানো হয়েছে। এর ফলে এই মানের এক ভরি স্বর্ণের বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।
একইভাবে অন্যান্য মানের স্বর্ণের দামও কমানো হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরির নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৬ হাজার ৬৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকায় বেচাকেনা হবে।
এর আগে গত ৩০ এপ্রিল সন্ধ্যায় সবশেষ স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। ওই দিন ২১ ক্যারেট ২ লাখ ৩১ হাজার ৪৭২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৯৮ হাজার ৪০৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৬১ হাজার ৬০৫ টাকা নির্ধারণ করা হয়।চলতি বছর দেশের বাজারে এখন পর্যন্ত ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে ৩৩ দফা এবং কমানো হয়েছে ২৮ দফা। গত ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বেড়েছিল এবং কমেছিল ২৯ বার।
স্বর্ণের দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৫ হাজার ৪৮২ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ২১ ক্যারেট ৫ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ৪৯১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকায় পাওয়া যাচ্ছে।চলতি বছর এখন পর্যন্ত ৩৬ দফা সমন্বয় করা হয়েছে রুপার দাম। এর মধ্যে ১৯ দফা বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে ১৭ দফা। গত বছর দেশে মোট ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছিল।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন