মে ১৮, ২০২৬, ০৬:২০ পিএম
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকার সাতদিনের দীর্ঘ ছুটি ঘোষণা করলেও দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনগুলো খোলা থাকবে। এই ছুটির দিনগুলোতে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার (১৮ মে) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস হাউস ও স্টেশনগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছে।
তবে শুধু পবিত্র ঈদুল আজহার দিনটিতে এই বাণিজ্যিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে।এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সাপ্তাহিক ও সাধারণ ছুটির দিনগুলোতে এই নির্দেশনা কার্যকর থাকবে।
কাস্টমস ও শুল্ক স্টেশনের কমার্শিয়াল কমিশনারদের এই সময়ে সীমিত পরিসরে আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দেশের অর্থনৈতিক গতিশীলতা ও বাণিজ্যিক ধারাবাহিকতা বজায় রাখতেই মূলত এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
আজ সোমবার চাঁদ দেখা সাপেক্ষে আমাদের দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপনের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে। ইতোমধ্যে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আগামী ২৭ মে কোরবানি ঈদ উদযাপনের তারিখ ঘোষণা করা হয়েছে। সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ পালিত হয় এবং সেই হিসাব অনুযায়ী ঈদের দিন ব্যতীত বাকি দিনগুলোতে শুল্ক স্টেশনগুলো সচল থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন