বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৪:৫৮ পিএম

বাংলাদেশে আরো বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে চায় সিঙ্গাপুর

দ্বিপাক্ষিক সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশে ব্যবসা, বাণিজ্য ও নতুন বিনিয়োগ বাড়াতে গভীর আগ্রহ প্রকাশ করেছে সিঙ্গাপুর। আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এর অফিস কক্ষে তাঁর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো সৌজন্য সাক্ষাৎ করতে এলে এই আগ্রহের কথা জানান। 

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি কমানো, নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা, কৃষিপণ্য রপ্তানি, খাদ্য নিরাপত্তা এবং পরিবেশবান্ধব শিল্পের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আক্তারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এই দ্বিপাক্ষিক বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন যে বাংলাদেশ এখন বিনিয়োগবান্ধব পরিবেশ, উন্নত অবকাঠামো ও দক্ষ জনশক্তির কারণে বৈদেশিক বিনিয়োগের জন্য একটি সম্ভাবনাময় গন্তব্য। কৃষি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, লজিস্টিকস ও বন্দর অবকাঠামো খাতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে। 

সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনার ডেরেক লো বিশেষ করে বে-টার্মিনাল প্রকল্পকে একটি গুরুত্বপূর্ণ ও দৃষ্টান্তমূলক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। তাঁর মতে প্রায় ৮০০ মিলিয়ন থেকে ১ বিলিয়ন মার্কিন ডলারের এই বিনিয়োগ বাংলাদেশের বাণিজ্য অবকাঠামো উন্নয়নে বড় ভূমিকা রাখবে যা ভবিষ্যতে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করবে।এই টার্মিনাল চালু হলে বন্দরের কার্যক্ষমতা বৃদ্ধি পাবে এবং ডেমারেজ বা বিলম্বজনিত খরচ কমে বাংলাদেশের রপ্তানিকারকদের উল্লেখযোগ্য ব্যবসায়িক সাশ্রয় নিশ্চিত হবে। 

খাদ্য নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে সিঙ্গাপুর এখন সরাসরি বাংলাদেশ থেকে নতুন করে কৃষিপণ্য আমদানিতে আগ্রহী। বর্তমানে তারা তাজা কৃষিপণ্যের জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও জাপানসহ বিভিন্ন দেশের ওপর নির্ভর করে। সে বিবেচনায় বাংলাদেশ সিঙ্গাপুরের জন্য কৃষিপণ্যের একটি বড় ও সম্ভাবনাময় উৎস হতে পারে যার মাধ্যমে দুই দেশের বিদ্যমান বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হবে।