রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আসছে বাজেটে যেসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ১২:১৩ পিএম

আসছে বাজেটে যেসব পণ্যের দাম বাড়ার সম্ভাবনা

আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করতে যাচ্ছেন। এই প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। সরকারের এই লক্ষ্যমাত্রা অর্জনে বেশ কিছু পণ্যের ওপর নতুন করে সম্পূরক শুল্ক ও ভ্যাট আরোপের প্রস্তাব করা হয়েছে, যার ফলে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে।

বাজেট প্রস্তাবনা অনুযায়ী, তামাকজাত পণ্যের ওপর নিয়ন্ত্রণ বাড়াতে সিগারেটের ফিল্টার তৈরির কাঁচামালের ওপর ৩০০ শতাংশ এবং নিকোটিনের ওপর ৩৫০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হতে পারে। এ ছাড়া উচ্চ স্তরের সিগারেটের প্যাকেটের দাম ১৮৫ টাকা থেকে বাড়িয়ে ২১০ টাকা করার পরিকল্পনা রয়েছে।

নির্মাণশিল্পের প্রধান উপাদান রডের ওপর উৎপাদন পর্যায়ে সুনির্দিষ্ট কর ও ভ্যাট প্রায় ১০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব আসতে পারে। এতে নির্মাণ ব্যয় বৃদ্ধির আশঙ্কা রয়েছে। এছাড়া বিলাসী পণ্যের তালিকায় থাকা বিদেশি প্রসাধনী, উচ্চমূল্যের খাদ্যপণ্য এবং আরও ১০টি নতুন পণ্যের আমদানি পর্যায়ে ২০ শতাংশ ভ্যাট আরোপের সম্ভাবনা রয়েছে।

আমদানি করা কাজুবাদামের শুল্ক ৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ এবং উচ্চ মূল্যের হিমায়িত মাছ আমদানির ওপর ১৫ শতাংশ মূসক আরোপের প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি দেশে উৎপাদিত অ্যালকোহলের ওপর লিটারপ্রতি ৫০০ টাকা ভ্যাট আরোপের পরিকল্পনাও রয়েছে।

সরকারের এই পদক্ষেপ মূলত রাজস্ব আয় বৃদ্ধি এবং অভ্যন্তরীণ শিল্প সুরক্ষার জন্য নেওয়া হলেও, সাধারণ ভোক্তাদের ওপর এর একটি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত বাজেট পাসের পরই এসব পণ্যের নতুন দাম কার্যকর হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।