বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

জুন ৯, ২০২৬, ০৬:২২ পিএম

নতুন উদ্যোক্তাদের বিনা জামানতে ১০ লাখ টাকা ঋণ: অর্থমন্ত্রী

তরুণ ও নতুন উদ্যোক্তাদের স্বাবলম্বী করে তুলতে বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদানের কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৯ জুন) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের এক প্রশ্নের জবাবে তিনি এই সুখবর দেন।

অর্থমন্ত্রী জানান, বাংলাদেশ ব্যাংকের ‘নতুন উদ্যোক্তা পুনরর্থায়ন স্কিম’-এর আওতায় তহবিলের পরিমাণ ১০০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০০ কোটি টাকায় উন্নীত করা হয়েছে। এই তহবিল থেকে নতুন উদ্যোক্তারা বিনা জামানতে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ গ্রহণ করতে পারবেন। এছাড়া, জামানত প্রদান সাপেক্ষে ঋণসীমা সর্বোচ্চ ৩৫ লাখ টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

তৃণমূল ও ক্ষুদ্র পর্যায়ের উদ্যোক্তাদের উৎসাহিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এছাড়া, স্টার্টআপ উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করার লক্ষ্যে ‘স্টার্ট আপ ফান্ড’ নামে আরও একটি ৫০০ কোটি টাকার পুনরর্থায়ন তহবিল গঠনের তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী। এই তহবিল থেকে উদ্যোক্তারা মাত্র ৪ শতাংশ সুদে ঋণ ও ইক্যুইটি সহায়তা গ্রহণ করতে পারবেন।

অর্থমন্ত্রী স্পষ্টভাবে জানান, যদিও বর্তমানে তরুণদের জন্য সরাসরি বিনা সুদে ঋণ প্রকল্প নেই, তবে বাংলাদেশ ব্যাংকের এই সহজ শর্ত ও স্বল্প সুদে ঋণ বিতরণ কার্যক্রম নতুনদের কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক হবে। স্টার্টআপ ও ক্ষুদ্র শিল্প খাতের উন্নয়নে সরকারের এই নীতিগত সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করবে বলে আশা করা হচ্ছে। সংসদ সদস্যরা অর্থমন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।