জুন ১১, ২০২৬, ০২:১৯ পিএম
দেশে ব্যবসা ও বিনিয়োগবান্ধব পরিবেশ গড়ে তুলতে বিনিয়ন্ত্রণ কার্যক্রমকে বিশেষ গুরুত্ব দিয়ে নতুন নীতিমালার ঘোষণা দিতে যাচ্ছে সরকার। বিনিয়োগকারীদের জন্য বিভিন্ন সরকারি সেবা প্রাপ্তির প্রক্রিয়া সহজ, দ্রুত এবং স্বচ্ছ করতে এবার খাতভিত্তিক বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই সংক্রান্ত ঐতিহাসিক ঘোষণা দিতে পারেন।
গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় এবার ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেওয়া হচ্ছে।ব্যবসায় সহায়ক পরিবেশ উন্নয়নে সরকারের নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী এবার লাইসেন্সিং প্রক্রিয়া ও বিভিন্ন অনুমোদন সম্পূর্ণ অনলাইনভিত্তিক করার পরিকল্পনা নেওয়া হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, আবেদন জমা থেকে শুরু করে চূড়ান্ত লাইসেন্স প্রদান পর্যন্ত পুরো প্রক্রিয়া সর্বোচ্চ সাতদিনের মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হচ্ছে।
এছাড়া কোনো অনুমোদনের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থা অনাপত্তি বা ছাড়পত্র না দিলে, তা স্বয়ংক্রিয়ভাবে সম্মতি হিসেবে গণ্য করে আবেদন নিষ্পত্তি করা হবে। নতুন উদ্যোক্তাদের জন্য কোম্পানি নিবন্ধনের কাজও এখন থেকে সর্বোচ্চ ৪৮ ঘণ্টার মধ্যে সম্পন্ন করার ব্যবস্থা করা হচ্ছে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণের অংশ হিসেবে বিদেশি বিশেষজ্ঞ ও দক্ষ জনবলের ওয়ার্ক পারমিট সাতদিনের মধ্যে এবং ভিসা ১০ দিনের মধ্যে প্রদানের বিশেষ ব্যবস্থার কথা বাজেটে উল্লেখ করা হতে পারে। একই সঙ্গে শিল্পায়ন ত্বরান্বিত করতে দেশের নির্বাচিত শিল্পাঞ্চল ও বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে `প্লাগ অ্যান্ড প্লে` সুবিধা সংবলিত বিশেষ শিল্প-সুবিধা প্যাকেজ চালু করা হবে। এর ফলে নতুন উদ্যোক্তারা অত্যন্ত দ্রুততার সঙ্গে কারখানা স্থাপন করে সরাসরি উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবেন। বিদেশি কর্মীদের নিরাপত্তা ছাড়পত্রের আবেদন ও সার্বিক যাচাই প্রক্রিয়াও সম্পূর্ণ অনলাইনভিত্তিক এবং নির্ধারিত সময়সীমার আওতায় আনা হচ্ছে।
ব্যবসা সহজীকরণের সামগ্রিক উদ্যোগের অংশ হিসেবে আয়কর, কাস্টমস ও ভ্যাট ব্যবস্থার আধুনিকায়নেও বেশ কিছু সংস্কারমুখী পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। এসব যুগান্তকারী পদক্ষেপ আগামী দিনে দেশে ব্যবসা পরিচালনার পরিবেশকে আরও উন্নত ও গতিশীল করবে বলে আশা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন