রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৬, ২০২৬, ০৭:৪৫ পিএম

আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম

ছবি : দিনাজপুর টিভি

যুক্তরাষ্ট্রের ডলারের মূল্য সামান্য বৃদ্ধি পাওয়ায় আন্তর্জাতিক বাজারে আজ সোমবার স্বর্ণের দাম কিছুটা কমেছে। এর আগে আজকের সেশনের শুরুতেই মূল্যবান এই ধাতুর দাম দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছিল। চলতি সপ্তাহের শেষের দিকে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সর্বশেষ নীতি নির্ধারণী বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা, যার সরাসরি প্রভাব পড়েছে ডলার ও স্বর্ণের বাজারে।

স্বর্ণের দাম বর্তমানে ৪,১৫৬ ডলারের নিচে নেমে এসেছে।আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে দেখা গেছে, গ্রিনিচ মান সময় ১১টা ২৩ মিনিটে স্পট গোল্ড বা প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ৪৬ শতাংশ কমে ৪,১৫৬ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। এর আগে সেশনের শুরুতেই প্রতি আউন্স স্বর্ণের দাম ৪,২০২ দশমিক ১৩ ডলারে উঠেছিল, যা গত ২২ জুনের পর সর্বোচ্চ। অন্যদিকে, আগামী আগস্টে সরবরাহের চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ১ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,১৬৮ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, মার্কিন ডলারের সূচক ০ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পাওয়ার কারণে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য ডলারের মূল্যে কেনা স্বর্ণ কিছুটা ব্যয়বহুল হয়ে পড়েছে, যা দামের ওপর চাপ সৃষ্টি করেছে। স্যাক্সো ব্যাংকের বিশ্লেষক ওলে হ্যানসেন জানিয়েছেন, স্বর্ণ বর্তমানে একটি স্থিতিশীলতার মধ্য দিয়ে যাচ্ছে। তবে বাজারে স্বর্ণের দাম ধরে রাখতে সুদের হার বৃদ্ধির আশঙ্কা আরও হ্রাস পাওয়া প্রয়োজন।

আগামী বুধবার ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণী প্রকাশিত হতে যাচ্ছে, যা থেকে নীতিনির্ধারকদের সুদের হার সংক্রান্ত ভাবনার স্পষ্ট আভাস পাওয়া যাবে। সাধারণত উচ্চ সুদের হার স্বর্ণ ধরে রাখার খরচ বাড়িয়ে দেয়, কারণ স্বর্ণ কোনো সুদের রিটার্ন দেয় না। এর পাশাপাশি রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের মতো অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেছে।