জুলাই ১৭, ২০২৬, ০৬:৩১ পিএম
টানা ভারী বর্ষণ, বৈরী আবহাওয়া ও দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে রাজধানীর কাঁচাবাজারগুলোতে নিত্যপণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। সপ্তাহের ব্যবধানে চালের বাজার স্থিতিশীল থাকলেও সবজি, মাছ, মুরগি এবং ডিমের দাম ঊর্ধ্বমুখী। সরবরাহ সংকটের অজুহাতে প্রায় প্রতিটি পণ্যের দাম এখন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে।বাজারে সবজির দাম বছরের সর্বোচ্চ চূড়ায় পৌঁছেছে।
ভারী বর্ষণের কারণে দেশের বিভিন্ন স্থানে সবজিক্ষেত প্লাবিত হওয়ায় বাজারে সবজির সরবরাহ ব্যাপকভাবে কমেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে পরিবহন সংকট। বেশিরভাগ সবজির দাম কেজিতে ২০ থেকে ৪০ টাকা, এমনকি ক্ষেত্রবিশেষে ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত বেড়েছে। নয়াবাজার, সেগুনবাগিচা, শান্তিনগর ও কারওয়ানবাজার ঘুরে দেখা গেছে, বেগুন ও করলা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে। হাইব্রিড শসা ১২০ থেকে ১৫০ টাকা এবং দেশি শসা ১৬০ থেকে ২০০ টাকা কেজিতে ঠেকেছে। ফুলকপি ও বরবটি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
কাঁচামরিচের বাজারেও উত্তাপ কমেনি। সাধারণ মানের কাঁচামরিচ ১৬০ থেকে ১৮০ টাকা এবং ভালো মানের কাঁচামরিচ ২০০ টাকা পর্যন্ত কেজি দরে বিক্রি হচ্ছে। আলুর দাম ২৫ টাকায় অপরিবর্তিত থাকলেও পেঁয়াজের দাম বেড়ে ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে। সবজির চড়া দামের কারণে ডিমের চাহিদা হঠাৎ বেড়েছে, ফলে ডজনপ্রতি ডিমের দাম ১৩০ থেকে ১৪০ টাকায় দাঁড়িয়েছে। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৩০ থেকে ৩৫০ টাকায়।
মাছের সরবরাহ কমে যাওয়ায় দামও বেড়েছে। বড় রুই ৪৫০ থেকে ৫৫০ টাকা এবং মাঝারি রুই ৩৫০ থেকে ৪৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে স্বস্তির খবর কেবল চালের বাজারে। সরু ও মাঝারি চাল স্থিতিশীল থাকলেও সরবরাহ ঘাটতির অজুহাত দিচ্ছেন ব্যবসায়ীরা। কারওয়ান বাজারের সবজি বিক্রেতা জানান, বৃষ্টির কারণে বাজারে সরবরাহ ৪০ থেকে ৫০ শতাংশ কম, অথচ চাহিদা আগের মতোই আছে।
ভোক্তারা অভিযোগ করছেন, প্রাকৃতিক দুর্যোগের সুযোগ নিয়ে একশ্রেণির অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে অতিরিক্ত মুনাফা লুটছেন। কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) ভাইস প্রেসিডেন্ট এসএম নাজের জানান, বাজারে দাম বাড়লেও তদারকি সংস্থাগুলো নিষ্ক্রিয়। নিম্নআয়ের মানুষের জন্য পরিস্থিতি অসহনীয় হয়ে উঠছে, তাই অবিলম্বে বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন