জুলাই ২০, ২০২৬, ০৩:১১ পিএম
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার আরও বাড়াতে পারে—এমন ইঙ্গিত দেওয়ায় বিশ্ববাজারে আবারও স্বর্ণের দাম কমেছে। সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।বিশ্ববাজারে স্বর্ণের দাম ধারাবাহিকভাবে ওঠানামা করছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার বাংলাদেশ সময় সকাল ৮টা ৪২ মিনিটে বিশ্ববাজারে স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪ হাজার ১৪ দশমিক ৫৩ ডলারে নেমে এসেছে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার বা আগাম সরবরাহ মূল্য আউন্সপ্রতি ৪ হাজার ১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনার ফলে বিশ্ব অর্থনীতিতে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান ওনড্যার জ্যেষ্ঠ বিশ্লেষক কেলভিন ওং জানান, সাপ্তাহিক ছুটির দিনে মধ্যপ্রাচ্যে ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ায় পূর্ণাঙ্গ যুদ্ধ শুরুর আশঙ্কা তৈরি হয়েছে। অর্থনৈতিক স্থবিরতা ও উচ্চ মূল্যস্ফীতির ঝুঁকি বা স্ট্যাগফ্লেশন নিয়ে বাজারে উদ্বেগ বাড়ছে। কেলভিন ওংয়ের মতে, এই পরিস্থিতি দীর্ঘায়িত হলে স্বর্ণের বাজারে নেতিবাচক প্রভাব পড়তে পারে, কারণ এতে সোনা ধরে রাখার সুযোগ ব্যয় অনেকটাই বৃদ্ধি পায়। দীর্ঘমেয়াদে সোনার বিশ্ববাজার নিয়ে তিনি সতর্ক অবস্থানে থাকার পরামর্শ দিয়েছেন।
কারিগরি বিশ্লেষণের ভিত্তিতে তিনি আরও বলেন, ৩ হাজার ৮৮৬ ডলারের স্তরটি এখন সোনার বাজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো কারণে দাম এই স্তরের নিচে নেমে গেলে তা দ্রুত আরও কমে ৩ হাজার ৫০০ ডলারের দিকে চলে যেতে পারে বলে তিনি আশঙ্কা করছেন। অন্যদিকে বিশ্ববাজারে রুপার দাম আজ ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১ হাজার ৫৯৯ দশমিক ৯৭ ডলার হলেও প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১ হাজার ২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন