রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

টানা পঞ্চমবারের মতো পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

দিনাজপুর টিভি ডেস্ক

আগস্ট ৪, ২০২৬, ১০:৩২ এএম

টানা পঞ্চমবারের মতো পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় বাংলাদেশ

ছবি : সংগৃহীত

গ্যাস-বিদ্যুৎ সংকট, শ্রমিক অসন্তোষ ও নানা অর্থনৈতিক জটিলতার মধ্যেও তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) ‍‍`ওয়ার্ল্ড ট্রেড স্ট্যাটিস্টিক্যাল রিভিউ ২০২৫‍‍` প্রতিবেদনে টানা পঞ্চমবারের মতো দেশের এই সাফল্য উঠে এসেছে।গত বছর বাংলাদেশ থেকে মোট ৩৮ দশমিক ৮২ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে।

এই আয়ে নিকটতম প্রতিযোগী ভিয়েতনামের চেয়ে প্রায় দুই বিলিয়ন ডলার এগিয়ে আছে বাংলাদেশ। তবে বছর ব্যবধানে বিশ্ববাজারে বাংলাদেশের রপ্তানি এক শতাংশ বাড়লেও ভিয়েতনামের প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১১ শতাংশ। অর্থনীতিবিদ মাহফুজ কবির জানান, ভিয়েতনাম খুব দ্রুত এগিয়ে আসছে এবং ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও কম্বোডিয়ার মতো দেশগুলোও প্রতিযোগিতায় জোর দিচ্ছে। এই দ্বিতীয় অবস্থান ধরে রাখতে এবং আরও দ্রুত এগোতে তিনি পোশাক খাতে অটোমেশন বা স্বয়ংক্রিয় প্রযুক্তির ওপর জোর দিয়েছেন।

বিশ্ববাজারে বরাবরের মতোই প্রথম অবস্থান চীনের দখলে। বিজিএমইএ-এর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল জানান, চীনের সাথে অন্যদের পার্থক্য বিশাল। তাদের ১৫৫ থেকে ১৫৭ বিলিয়ন ডলারের বিপরীতে বাংলাদেশের হিস্যা ৩৮ বিলিয়ন ডলারের ঘরে। শ্রম বাদে এই শিল্পের কাঁচামালের বড় অংশ এখনো চীন থেকেই আসছে বলে উল্লেখ করেন তিনি। ডব্লিউটিওর এই বৈশ্বিক রপ্তানি তালিকায় চতুর্থ স্থানে ভারত এবং পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক।